বিএনপি ক্ষমতায় এলে একদিনেই রক্তের নদী বইয়ে দেবেঃ ওবায়দুল কাদের

বিএনপি ক্ষমতায় এলে একদিনেই রক্তের নদী বইয়ে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী মোরশেদ আলমের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে মায়ের কাছে এসে সন্তান গ্রেফতার হয়েছে। ঈদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি তারা। মনে আছে সেই দিন। এবার যদি তারা (বিএনপি) ক্ষমতায় আসতে পারে, তা হলে একদিনেই বাংলাদেশে তারা রক্তের নদী বইয়ে দেবে। যদি তারা আরেকবার ক্ষমতায় আসে, একদিনেই বাংলাদেশে লাশের পাহাড় সৃষ্টি করবে।’

এ সময় বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় কিনা-জনগণের উদ্দেশে প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই দলকে আপনারা চান? ১৫ আগস্টের খুনিদের ক্ষমতায় দেখতে চান? ২১ আগস্টের খুনিদের ক্ষমতায় দেখতে চান? ২০১৪ সালের আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চান?

উপস্থিত জনতা সমস্বরে ‘না’ ‘না’ ‘না’ ধ্বনি দিতে থাকেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তা হলে ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকায়, শেখ হাসিনার নৌকায়, বঙ্গবন্ধুর নৌকায়, সোহরাওয়ার্দীর নৌকায়, মওলানা ভাসানীর নৌকায়, শেরেবাংলার নৌকায় ভোট দেবেন।

যারা দলের প্রার্থীর বিপক্ষে কাজ করছেন, তাদের সতর্ক করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয়, তবে আমাদের হারানোর ক্ষমতা কারওর নেই।

তিনি বলেন, নির্বাচনে এবার স্বাধীনতাবিরোধীদের চূড়ান্ত পরাজয় হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.