গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সারা দেশের নির্বাচনী পরিবেশের কথা উল্লেখ করে সুজনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশনের (ইসি) প্রতি মানুষের আস্থা নেই। আর আস্থা অর্জন হয়, এমন কোনো কাজ এ পর্যন্ত তারা করেনি। এ অবস্থায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা রয়েছে।
আজ রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ মতামত তুলে ধরা হয়। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করেন সুজনের সহকারী সমন্বয়ক নেসার আমিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সুজন সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদ ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ।

