নির্বাচনের দিন অন্তত সমতল ভূমি থাকবে আশা বিএনপির

নির্বাচনের দিন অন্তত সমতল ভূমি থাকবে বলে আশা করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন আশা করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, তাই স্বাধীনভাবে কাজ করার শেষ সুযোগ তাদের। দলের নেতাকর্মী ও এজেন্টদের গ্রেফতার ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

জনগণ নির্বিঘ্নে ৩০ তারিখের নির্বাচনে ভোট দিতে পারলে জয়ী হবে জানান তিনি।

এ সময় তিনি জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের ব্যাপারে সেনাবাহিনীকে সঠিকভাবে কাজ করতে দেয়ার দাবি জানান।

নজরুল ইসলাম খান বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখা নির্বাচন কমিশনের দায়িত্ব। এছাড়া নির্বাচনে জনগণের সজাগ দৃষ্টি রুখতে পারে যে কোন ধরনের ভোট কারচুপি।

এদিকে দলের আর এক স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ফোনালাপ নিয়ে নজরুল ইসলাম খান বলেন, তিনি হয়ত রাগে ক্ষোভে এমনটা বলে থাকতে পারেন তবে, এই বক্তব্য নির্বাচন থেকে সরে আসার মত কোনো বিষয় ইঙ্গিত করে না।

নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে দাবি করেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় ১৩ হাজার নেতাকর্মী প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন ও শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.