‘নির্বাচন নিয়ে সহিংসতা ও নাশকতার যতটা শঙ্কা ছিল ততটা শঙ্কিত হওয়ার কারণ নেই। সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশসহ সকল আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে রয়েছে। সব ধরনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।’
আজ শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী-জোরারগঞ্জ সড়কের ছোট ফেনী নদীর ওপর নির্মিত ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিককের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, যত অপচেষ্টাই করা হোক না কেন, নির্বাচন স্বস্তিদায়ক হবে। নির্বাচনকে ঘিরে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। মুখোশ পরে মোটরসাইকেল চালিয়ে চোরাগুপ্তা হামলা করছে। চোরাগুপ্তা হামলাটাই সমস্যা। তবে আমরা সচেতন আছি। আমাদের নেতাকর্মীদের সকল প্রস্তুতি রয়েছে। যত চক্রান্তই হোক নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হবে না।
ওবায়দুল কাদের আরো বলেন, আমার কাছে মন হয়, একটা শক্তি মরণ-কামড় দিতে চাইতে পারে। কারণ, তাদের জন্য চূড়ান্ত পরাজয় ডেকে আনতে পারে। এ জন্য মরিয়া হয়ে তারা নির্বাচনে জিততে চাইবে। শেষ চেষ্টা হিসেবে তারা মরণ-কামড় দিয়ে বসতে পারে। এসব অভিযোগ বিভিন্ন জায়গ থেকে পাচ্ছি, সেখানে প্রশাসনিক প্রস্তুতি রয়েছে সরকারের এবং নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সব দিক থেকেই প্রস্তুতি নিয়ে অবস্থান নিয়েছে। আশা করি যত চক্রান্তই হোক, বাংলাদেশের জনগণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও ভোট দিতে চায়। জনগণ যখন ভোট দেওয়ার জন্য দৃঢ় সংকল্প, তখন কোনো শক্তিই এই নির্বাচন বানচাল করতে পারবে এটা আমার বিশ্বাস হয় না।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল করিম জুয়েলসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

