চিকিৎসকের নিষেধ সত্ত্বেও নির্বাচনী প্রচারে বের হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
প্রচারে অংশ নিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতাল ছেড়ে তিনি গোপালগঞ্জের দিকে রওনা দেন।
বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপি নেতা ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, ডা. জাফরুল্লাহর নিম্ন রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পপুলার হাসপাতালের অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।
কয়েস লোদী বলেন, চিকিৎসক বলেছেন-তার শারীরিক অবস্থা ভালো নয়। এ অবস্থায় তার বের হওয়া ঠিক হবে না। ফের যে কোনো সময় তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন।
এর আগে সিলেটে ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচার চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর বন্দরবাজার এলাকায় ধানের শীষের প্রচারপত্র বিতরণকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক বিএনপি নেতাকর্মীরা তাকে নগরীর পপুলার হাসপাতালে ভর্তি করেন।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বুধবার ঢাকা চলে গেলেও বাকিরা সিলেটের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণায় যোগ দেন।
নির্বাচনী প্রচারে বুধবার রাতে সিলেটের জৈন্তাপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও শহরতলির মোগলাবাজারে জেএসডি সভাপতি আ স ম রব ও ডা. জাফরুল্লাহ চৌধুরী অংশ নেন।
তারা নগরীর দরগাগেট এলাকার একটি হোটেলে রাতযাপন করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ফ্লাইটে সিলেট ত্যাগ করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ও বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

