ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলামঃ হিরো আলম

হাইকোর্টে রিট করে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

সোমবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন।

আদেশের পর হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমি এখন খুব খুশি। হাইকোর্টে যে ন্যায় বিচার পাওয়া যায়, তা প্রমাণ হলো। ইসি যে বলছিল, আমার ভোটার তালিকা ভুয়া, তা আজ মিথ্যা প্রমাণ হয়েছে। ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম।’

মোবাইলে যুগান্তরকে তিনি বলেন, আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। অনেক লড়াই করে আমি মনোনয়ন ফিরে পেয়েছি।

হিরো আলম বলেন, এ বিজয় সকল জনগণের। সত্যের জয় অবশ্যম্ভাবী, সত্যের জয় হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, আমার এ মনোনয়ন ফিরে পাওয়ায় সকল মিডিয়া কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে যারা সবসময় থেকেছেন, আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।

হিরো আলম বলেন, যারা আমাকে পাগল বলে আসলে তারাই পাগল। আমি তাদেরকে বলতে চাই আপনারা যারা আমাকে নিয়ে সমালোচনা করেন তাদের পরাজয় হয়েছে।

কবে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি তো এখন ঢাকা আছি, এলাকায় যাই, এরপর নির্বাচনী প্রচারণা শুরু করব।

হিরো আলম মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের কারণেই আমি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছি। যদিও অনেকে আমাকে নিয়ে লেখালেখি করায় মিডিয়ার ভূমিকাকে বাড়াবাড়ি বলেছিলেন। তিনি আশা করেন, ভোটে ভালো ফলাফল করবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.