শুদ্ধস্বর রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ব্যাঙ্কোয়েট হলে এ সংলাপ শুরু হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের নেতারা সংলাপে অংশ নিচ্ছেন। অন্য দিকে রয়েছেন সিপিবি-বাসদ নেতৃত্বাধীন বাম জোটের ১৬ নেতা।
সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকেই বাম নেতারা গণভবনে আসতে শুরু করেন। গণভবনের লবি হয়ে তাদেরকে বসানো হয় ব্যাঙ্কোয়েটে। প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের মাধ্যমে সংলাপের শুরু হয়।
বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক জানিয়েছেন, আওয়ামী লীগের সঙ্গে সম্মেলনে তাদের জোট থেকে ১৬ জন অংশ নিচ্ছেন।
তারা হলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পলিটব্যুরোর সদস্য আকবর খান, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটি সদস্য শুভ্রাংশু চক্রবর্তী ও আলমগীর হোসেন দুলাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, কেন্দ্রীয় কমিটি সদস্য মোমিনুর রহমান বিশাল, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ কুমার।
নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে মতবিরোধের মধ্যে কামাল হোসেনের উদ্যোগে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ডাকে সাড়া দিয়ে তাদের সংলাপে ডাকেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর অন্য রাজনৈতিক দলগুলোকেও সংলাপের আমন্ত্রণ জানান তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, বুধবারই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ হবে। এরপর বৃহস্পতিবার সংলাপের ফলাফল জানাতে সংবাদ সম্মেলনে আসবেন শেখ হাসিনা।
415
Shares




