ইসিতে আওয়ামীলীগ, তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শুদ্ধস্বর  রিপোর্ট ।   একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশীদের ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার নেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে আওয়ামী লীগ।

রোববার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ সংবলিত লিখিত আবেদনটি হস্তান্তর করে।

অভিযোগে তারা বলেন, তারেক রহমানের টেলিকনফারেন্সে দেয়া বক্তব্য এবং সাক্ষাৎকার গ্রহণ নির্বাচনী আইন এবং সর্বোচ্চ আদালতের সুষ্পষ্ট নির্দেশনার লঙ্ঘন। একই সঙ্গে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার না করতে অনুরোধ জানান তারা।

ক্ষমতাসীন দলের এই প্রতিনিধি সন্ধ্যায় ইসিতে এসে তাদের অভিযোগ দাখিল করার আগে বিকালে নির্বাচন কমিশনার রফিকুল তালুকদার এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেছিলেন, তারেকের বক্তব্য প্রদানের বিষয়টি কেউ প্রমাণসহ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। যদি কেউ তথ্য প্রমাণসহ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন, তাহলে আমরা আইনের মধ্যে থেকে যদি কিছু থাকে, তাহলে ব্যবস্থা নেয়ার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে বলব। আর যদি আইনের ভেতর কিছু না থাকে, তাহলে আমরা নিজেরা (কমিশন) বসে কী করতে পারি সেটা পর্যালোচনা করে দেখে তার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা তারেক রহমান লন্ডন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে রোববার দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.