মৃত্যুসঙ্গ , জল পড়ে পাতা নড়ে

( প্রথম পর্ব )

 

একসময়ের সাড়া জাগানো হলিউডের প্রযোজনা লিটল বুদ্ধা (শিশু বুদ্ধদেব) ছবিতে শুভ উপনয়ন অনুষ্ঠানে শাক্যবংশীয় কপিলাবস্তুর শিশু রাজকুমার গৌতমের মস্তক মুণ্ডিত দেবশিশুর মতো চেহারাটি আমার আবার মনে পড়ল, বিছানায় শোয়া সাত বছরের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মারিয়াকে দেখে। লয়কেমি (ব্লাড–ক্যান্সার) রোগের হৃদয়হীন ও দুর্দমনীয় আক্রমণে মারিয়া তার জীবনের শেষ যুদ্ধে প্রতিটি মুহূর্ত লড়াই করে যাচ্ছে। সবাই জানে এ একপেশে যুদ্ধে শেষ পর্যন্ত পরাজয় হবে তারই। তবুও যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এই সার্বজনীন ও আন্তর্জাতিক আপ্তবাক্যটি পৃথিবীর সব অসুস্থ সন্তানের বাবা–মারাই সর্বান্তকরণে বিশ্বাস করেন। মারিয়ার মা ডায়ানাও এর ব্যতিক্রম নন। মারিয়া এখন যে ঘরে শুয়ে আছে তার তিন দিকেই আগাগোড়া বড় কাচের জানালা। আর্কিটেক্টদের ভাষায় প্যানোরামা ভিউ। মাঝখানে বিছানাটি পাতা। শুধুুমাত্র একদিক বাদে, যেদিকেই ও তাকাক বাইরের বাগানটি আর বাড়ির সামনের রাস্তাটি দিয়ে মোটরগাড়ি আর লোকজনের চলাফেরা দেখতে পায়। এটি ওর মায়ের ঘর। ওর নিজস্ব ঘরটি এত বড় নয়। অনেক ছোট এবং বাড়ির এক কোণে। তিন মাস হলো ও শুধু বিছানায় শুয়ে থাকে, উঠে বাইরে যাওয়ার ক্ষমতা আর নেই। জন্মের পর ওকে দেখে আমার গ্লাক্সো বেবির কথা মনে হতো। সদ্য ভূমিষ্ঠ সাধারণ শিশুদের চাইতে ওর ওজন ছিল ২ পাউন্ড বেশি (ওর মা সবসময় তা গর্বের সাথে স্মরণ করতেন।)। মাত্র দেড় বছরেই মারিয়া শুধু হাঁটা নয়, দৌড়াতেও পারত। হেলেদুলে মোটাসোটা শিশুটি যখন তখন আমাদের বাসায় চলে আসত। ওরা আমাদের প্রতিবেশী। মারিয়ার মা ডায়ানা স্থানীয় স্কুলের শিক্ষিকা। মারিয়ার বাবার সাথে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পরিচয়। দুজনেই শিক্ষকতার ডিপ্লোমাধারী। পরিচয়ের পর ছাত্রাবস্থায়ই তারা একসাথে এক কামরায় থাকতেন এবং পাস করার পর আমাদের শহরে একই স্কুলে দুজনেই চাকরি শুরু করেন। তারপর দুই জার্মানির একত্রিতকরণের বছরে (১৯৯০) নিজেদের বাড়িও তৈরি করে ফেললেন। ওই বছরই আমি ও মার্গারেটও একই এলাকায় নিজেদের বাড়িতে উঠে আসি। শুরু থেকেই আমরা একান্ত প্রতিবেশীর সূত্র ধরে পারিবারিক বন্ধু হয়ে গিয়েছিলাম। আমার সাথে সে বন্ধুত্ব ২০০২ সাল পর্যন্ত বজায় ছিল।

বিয়ের কথা ডায়ানা এবং তার বন্ধু একার্ট কখনও সিরিয়াসলি ভাবেনি। ওরা দুজনেই ’৬৮ সালের জার্মানির ঐতিহাসিক ছাত্র–আন্দোলনের প্রজন্ম। সর্বস্তরে নারী–পুরুষের সমান অধিকার, গগনবিদারি নারী জাগরণ (উইমেন–লিব), বিবাহের বিরোধিতা ইত্যাদি এ অভূতপূর্ব আন্দোলনের অন্যতম ফসল। যার জের হিসেবে এখন জার্মানিতে সিঙ্গল থাকার প্রবণতা সর্বস্তরে। এক–তৃতীয়াংশ দম্পতিই এখন বিবাহিত নন। বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে সকাল–সন্ধ্যা হাজারো কর্তব্য পালনে ব্যক্তি স্বাধীনতা বিপন্ন না করে, পারস্পরিক অধিকার পুরোপুরি বজায় রেখে লিভ টুগেদারই হলো এখনকার বিবাহযোগ্য যুবক–যুবতীদের জনপ্রিয় স্লোগান। নিজেদের বাড়িতে ওঠার পর, আগে থেকে করা প্ল্যানমোতাবেক ’৯৩ সালে মারিয়ার জন্ম হলো। সে সময় আমরা বলেছিলাম বিয়েটা সেরে ফেলতে। ওরা বলেছিল, সামনের বছর মারিয়ার প্রথম জন্মবার্ষিকী আর বিয়ে দুটোই ওরা একসাথে করবে। সে দ্বৈত উৎসব আর ওদের করা হয়নি। মারিয়ার মাত্র চার মাস বয়সে একার্ট লয়কেমিতে মারা গেল। আমি এখানে সংগ্রামী নারী খুব একটা কম দেখিনি। নিজের ঘরেই সঙ্গিনীকে সুদীর্ঘ ১৮ বছর ধরে দেখেছি। আদর্শ আর মরালিটি শুধু বইয়ের কথা নয়, জীবনের সর্বস্তরে পালন করতেও এরা বিন্দুমাত্র দ্বিধা করে না। ‘নীতির প্রশ্নে আপস নেই’ বা ‘নিজের গায়ে একরত্তি শক্তি থাকতে পরের গলগ্রহ হব না’ জাতীয় আদর্শশিক্ষা আমরাও শৈশবে মুখস্ত করেছি এবং আবার জীবনে এসব প্রয়োগ করার মতো বুকের পাটাওয়ালা লোক খুব কমই দেখেছি। কাকের মতো কিছু চুরি করে চোখ বুজে থেকে সবকিছু এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদের সারাজীবনের প্রধান প্রচেষ্টা। আমি নিজেও এর কোনো ব্যতিক্রম নই।

চার মাসের সন্তানকে নিয়ে ডায়ানা প্রথমেই তার চাকরিটি অর্ধেক করে ফেলল। সপ্তাহে আড়াই দিন ও স্কুলে পড়াতে যেত। ওই সময়টা বেবি সিটার এসে মারিয়াকে দেখাশোনা করত। বাকি সময়টার সিংহভাগই মারিয়াকে নিয়ে ও ব্যস্ত থাকত। ডায়ানা দেখতে খুবই সুন্দরী, বয়স কম, ভালো চাকরি, নিজের বাড়ি গাড়ি। উমেদারদের ভিড় কম ছিল না। মোটর কোম্পানির উঁচুপদের এক চাকরিওয়ালা, ওর সমবয়সী প্রায়ই এক বিরাট মার্সিডিজে চেপে ওর বাড়িতে এসে ওর পাণিগ্রহণের সাধনায় মত্ত থাকত। ডায়ানা কিছুদিন পরেই ওকে অগ্রাহ্যই শুধু করল না, কঠিনভাবে নিষেধ করে দিল, তার বাড়িতে এসে তাকে আর ডিসটার্ব না করতে!

ওর অবসরপ্রাপ্ত বাবা ও ষাটোত্তীর্ণ মা থাকত ৪০ কিলোমিটার দূরের শহরে নিজস্ব বিরাট এক বাড়িতে। ডায়ানা তাদের একমাত্র সন্তান। হাজারবার বলেও বাবা–মা মেয়ে আর নাতনিকে ওদের কাছে নিয়ে যেতে পারেননি। ওই শহরে ওরা ডায়ানার জন্য একই ধরনের একটা স্কুলে ওর একটা চাকরিরও ব্যবস্থা করেছিলেন। আমাদেরও বলেছিলেন ডায়ানাকে বলে দেখতে। তাদের একান্ত বিশ্বাস ছিল, আমি এবং মার্গারেট বললে ডায়ানা রাজি হতেও পারে। আমি আশ্চর্য হয়ে দেখলাম, মার্গারেটও ডায়ানার ইনডিপেনডেন্ট থাকার পুরো সমর্থক। ও সবিনয়ে ডায়ানার বাবা–মার অনুরোধ প্রত্যাখ্যান করে আমাকেও সাবধান করে দিল এ ব্যাপারে ডায়ানাকে কিছু না বলতে। সন্তান সাবালক হয়ে গেলে বাবা–মার কোনোই সহযোগিতা এরা পারতপক্ষে নেয় না, যা আমাদের সমাজে সম্পূর্ণ অজ্ঞাত। আমাদের দেশে তো পঞ্চাশ বছরের সন্তানও বাবা–মার কাছে সেই ছোট খোকা–খুকুই। আমি বলব না, আমরা ভালো আর এরা খারাপ। যস্মিন দেশে যদাচার। তবে ভুললে চলবে না, ব্যাপারটি কিন্তু আত্মসম্মানের সাথে জড়িত। একান্নবর্তী পরিবারে বয়স্ক সন্তান কি তার ক্রিয়াকর্মের সঠিক স্বীকৃতি পায়? এসব পরিবারের তৃতীয় প্রজন্মের ছেলেমেয়েদের ব্যক্তিত্ব কী সঠিকভাবে গড়ে ওঠে?

মারিয়া ছিল তার মায়ের চোখের মণি। অবসরের সবসময়টাই সে শিশুকন্যাটির সাথে কাটাত। মার্গারেটের সাথে ওর অনেক আগে থেকেই পরিচয় ছিল। ছাত্রী থাকার সময় থেকেই ও গ্রিন পার্টির সক্রিয় সদস্যা। মার্গারেট এ পার্টির শুরু থেকেই নেত্রীদের একজন ছিল। রাজনৈতিক আর পারিবারিক দুই সূত্রেই আমরা খুবই একাত্ম হয়ে গিয়েছিলাম। 

আবদুল্লাহ আল–হারুন , জার্মান প্রবাসী কথা সাহিত্যিক 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.