পলাতক জেনারেলদের বিরুদ্ধে হয়নি কোর্ট অব ইনকোয়ারি

জুলাই বিপ্লবের পর সশস্ত্র বাহিনীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ কিছু অপরাধী কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় তাদের বিরুদ্ধে গুম-খুন ও দুর্নীতিসহ ভয়ানক অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রভাবশালী সেই সেনা কর্মকর্তাদের অনেকেই ধরাছোঁয়ার বাইরে।

সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পলাতক এই কর্মকর্তাদের বিষয়ে তদন্ত আদালত (কোর্ট অব ইনকোয়ারি) বা তদন্ত কমিশন গঠনের কোনো তথ্য পাওয়া যায়নি। অবশ্য সশস্ত্র বাহিনীর অন্তত ৪০ কর্মকর্তার অবৈধ সম্পদ ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি কয়েকজনের ফৌজদারি অপরাধের বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

সশস্ত্র বাহিনী থেকে সেসব কর্মকর্তা কর্মরত অবস্থায় (সার্ভিং) কর্মস্থলে অনুপস্থিত বা গোপনে দেশত্যাগ করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত আদালত বা তদন্ত কমিশন গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তবে পলাতক এসব কর্মকর্তার বিরুদ্ধে তা কার্যকর করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সামরিক নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রোকন উদ্দিন আমার দেশকে বলেন, ‘কর্মরত কোনো সেনা কর্মকর্তা কর্মস্থল ত্যাগ, শৃঙ্খলা ভঙ্গ, সামরিক সম্পত্তির ক্ষতি ও গুরুতর অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে তদন্ত আদালত বা কোর্ট অব ইনকোয়ারি গঠনের বিধান রয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলের পরে যারা নির্লজ্জভাবে কর্মস্থল ত্যাগ ও আত্মগোপনে রয়েছেন তাদের বিরুদ্ধেও তদন্ত আদালত গঠন করা যেতে পারে।’

জানা গেছে, জুলাই বিপ্লবের পর সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মরত কয়েকজন পদস্থ কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করেছেন। পরে তাদের বরখাস্ত অথবা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। পলাতক থাকা ওই কর্মকর্তাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (বরখাস্ত) মো. মুজিবুর রহমান, মেজর জেনারেল (অব.) কবীর আহাম্মদ, মেজর জেনারেল (অব.) হামিদুল হক ও কর্নেল (অব.) মখছুরুল হকসহ অনেকে।

হাসিনা আমলের প্রভাবশালী সাবেক ওই সব সেনা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক কী ব্যবস্থা নেওয়া হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দুদক কর্মকর্তারা বলছেন, পতিত সরকারের আমলের সশস্ত্র বাহিনীতে কর্মরত ৪০ প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। তাদের অধিকাংশই পলাতক। দুদক তাদের সম্পদ জব্দ করাসহ আইনি পদক্ষেপ নিচ্ছে।

সূত্র জানায়, পলাতক ওই প্রভাবশালী জেনারেলরা ভারত, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কানাডা ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে আত্মগোপনে আছেন। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। হাসিনার আমলে নাগরিকদের গুম, গোপন বন্দিশালা বা আয়নাঘরে বর্বর নির্যাতন, মানবতাবিরোধী অপরাধ ও ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ রয়েছে এসব জেনারেলের বিরুদ্ধে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশন ও তদন্ত সংস্থার নথিপত্র অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) ও বহুল আলোচিত ‘আয়নাঘর’ এবং র‍্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল ছিল। সেখানে বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের তুলে নেওয়া হতো। গোপন বন্দিশালা বা আয়নাঘরে আটকে রেখে নির্যাতন ও গুম করা হতো। তুলে নেওয়া অনেক ব্যক্তি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। এসব ঘটনায় সিংহভাগ অভিযোগ এসব প্রভাবশালী জেনারেলের বিরুদ্ধে।

আইনে যা বলা আছে

‘দ্যা আর্মি অ্যাক্ট ১৯৫২’-তে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটানা ৬০ দিন দায়িত্বে অনুপস্থিত থাকলে এবং আত্মসমর্পণ না করলে বা আটক না হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘পলাতক’ বা ‘ডেজার্টার’ হিসেবে গণ্য করা হয়। এই আইনের ৩৬ ধারায় পলায়ন (ডেজার্শন) এবং পলাতককে সহায়তা করার (এইডিং ডেজার্শন) বিষয়ে বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি সামরিক বাহিনীর চাকরি বা দায়িত্ব থেকে পালিয়ে যান অথবা পালোনোর চেষ্টা করেন, ওই অভিযোগে সামরিক আদালতে দোষী সাব্যস্ত হলে আইনে বেশকিছু শাস্তির কথা বলা হয়েছে।

আইনের ৩৬ (ক) ধারায় বলা হয়েছে, তিনি যদি সক্রিয় সামরিক দায়িত্ব পালনকালে (অ্যাক্টিভ সার্ভিস) অথবা সক্রিয় দায়িত্ব পালনের আদেশপ্রাপ্ত অবস্থায় পলায়নের অপরাধ করেন, তাহলে তাকে মৃত্যুদণ্ড অথবা এই আইনে উল্লেখিত অপেক্ষাকৃত কম কোনো দণ্ড দেওয়া যাবে।

অন্য যেকোনো পরিস্থিতিতে পলায়নের অপরাধ করলে প্রথম অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা এই আইনে উল্লেখিত অপেক্ষাকৃত কম কোনো দণ্ড দেওয়া যাবে। দ্বিতীয়বার বা পরবর্তী সময়ে একই অপরাধ করলে সর্বোচ্চ ১০ বছর সশ্রম কারাদণ্ড অথবা এই আইনে উল্লেখিত অপেক্ষাকৃত কম কোনো দণ্ড দেওয়া যাবে।

সেনা আইনে (বি এ এ সেকশন-২৪, শত্রু সম্পর্কিত অপরাধ, যার শাস্তি মৃত্যুদণ্ড) বলা হয়েছে, ‘আওতাভুক্ত কোনো ব্যক্তি নিম্নলিখিত যেকোনো কাজে জড়িত হইলে উক্ত ধারার আওতায় পড়িবেÑ (এ) নির্লজ্জভাবে কোনো স্থান, সেনানিবাস, দুর্গ, বিমানবন্দর, প্রহরার স্থান ত্যাগ করা; যাহা তার নিয়ন্ত্রণাধীন ও প্রদত্ত ছিল অথবা যাহা রক্ষা করা তার কর্তব্য ছিল অথবা কোন কিছু প্রয়োগের মাধ্যমে কাউকে এহেন কাজে বাধ্য করা অথবা কোনো অধিনায়ককে বা কোনো ব্যক্তিকে এহেন কাজে প্ররোচিত করা।’

(বি) কাপুরুষতা প্রদর্শনপূর্বক কোনো শত্রুর সম্মুখে নিম্নলিখিতভাবে অস্ত্র, গোলাবারুদ বা কোনো সরঞ্জামাদি ফেলে দেওয়া। (সি) ইচ্ছাকৃতভাবে কোনো বাধা প্রয়োগের মাধ্যমে অথবা অন্য কোনো প্রক্রিয়ায় শত্রুর বিরুদ্ধে কাজ করা থেকে কোনো ব্যক্তিকে বাধা প্রদান করা, বিরত করা, কাজ না করার জন্য প্ররোচিত করা অথবা কাজ করার জন্য নিরুৎসাহিত করা। (ডি) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশ্বাসঘাতকতা করিয়া কোন যোগাযোগ বা বার্তা বা পত্র স্থগিত রাখা অথবা শত্রুর গোয়েন্দার নিকট যোগাযোগ করা অথবা বিশ্বাসঘাতকতাপূর্ণভাবে এহেন কার্য সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ থেকে বিরত থাকা অথবা তাহার অধিনায়ক বা অন্য কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোপনীয়তা না করা।’

সেনা আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি জেনেশুনে বাংলাদেশের সামরিক, নৌবাহিনী অথবা বিমানবাহিনীর কোনো পলাতক সদস্যকে আশ্রয় দেন, তাহলে সামরিক আদালতে দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা এই আইনে উল্লেখিত অপেক্ষাকৃত কম কোনো দণ্ড দেওয়া যাবে।

আইনে গ্রেপ্তার ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, পলাতক সদস্যের বিষয়ে কমান্ডিং অফিসার বেসামরিক কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে পারেন এবং পুলিশ সদস্যরা পরোয়ানা ছাড়াই সন্দেহভাজন পলাতক বা বিনা অনুমতিতে অনুপস্থিত ব্যক্তিকে গ্রেপ্তার করে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে পারেন। অভিযুক্তদের বিচার কোর্ট-মার্শালের মাধ্যমে সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পলাতকদের ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ফিরে আসার জন্য ৫৯ দিন অপেক্ষা করতে হবে। এ সময় অতিবাহিত হওয়ার পর সেনাবাহিনী কোর্ট-মার্শাল কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে এফজিসিএম (ফিল্ড জেনারেল কোর্ট-মার্শাল ) বোর্ড গঠন করা হবে, যাতে তিনজন কর্মকর্তা থাকবেন। তাদের মধ্যে একজন সভাপতি এবং দুজন সদস্য থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনী পলায়ন-সংক্রান্ত ঘটনার তথ্য অনুসন্ধানের জন্য তিনজন কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত আদালত বা কোর্ট অব ইনকোয়ারি গঠন করবে। বাংলাদেশ সেনা আইনের ৩৬ ধারায় পলায়নে সহায়তা করার অপরাধে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।

কয়েকজনের দুর্নীতি তদন্তে দুদক

পলাতক কয়েকজন সেনা কর্মকর্তার দুর্নীতি তদন্ত করছে দুদক। এর মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (বরখাস্ত) মো. মজিবুর রহমান। তিনি জুলাই বিপ্লবের সময় আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি ছিলেন। তার আগে তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক এবং এসএসএফের প্রধানের মতো বড় পদে দায়িত্ব পালন করেন। ‘২৪ সালের ১১ সেপ্টেম্বর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার পরপরই তিনি ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যান এবং বর্তমানে কলকাতার একটি সুরক্ষিত আবাসিক এলাকায় অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মুজিবুর ও তার স্ত্রীর নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের নামে থাকা ১২টি ফ্ল্যাট, প্লট ও জমি জব্দ (ক্রোক) করেছে।

অপরদিকে মেজর জেনারেল (অব.) কবীর আহাম্মদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার সাবেক সামরিক সচিব এবং ডিজিএফআইয়ের কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর (সিটিআইবি) পরিচালক ছিলেন। বিপ্লবের পর তাকে সিলেটে স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের কমান্ড্যান্ট করা হয়। পরবর্তীতে গত বছরের ২১ সেপ্টেম্বর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। কিন্তু ওই বছরের অক্টোবরে গুম-নির্যাতনের মামলায় আইসিটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে কর্মরত অবস্থাতেই তিনি আত্মগোপনে চলে যান। গোয়েন্দা তথ্যানুযায়ী, তিনি সীমান্ত পেরিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছেন।

মেজর জেনারেল (অব.) হামিদুল হক ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ডিজিএফআইয়ের ডিজি ছিলেন। বিপ্লবের পর ১২ আগস্ট তাকে ডিজিএফআই থেকে সরিয়ে দেওয়া হয় এবং ১২ সেপ্টেম্বর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেটের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। গত বছরের অক্টোবরে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তার আগেই তিনি গোপনে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।

এছাড়া ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মখছুরুল হকের বিরুদ্ধে গুম সংক্রান্ত মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, হাসিনার আমলে তিনি ছিলেন জিম্মি করে অর্থ আদায়ের হোতা। আওয়ামী লীগ নেতাদের অর্থপাচারেও সহায়তা করেন মখছুরুল। চব্বিশের ৫ আগস্টের পর তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। সেখানে বসে আওয়ামী লীগের পলাতক নেতাদের পাচার করা সম্পদ দেখাশোনা করেন। গত বছরের ৭ ডিসেম্বর আইসিটিতে গুমের মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরেন। মানুষকে তুলে আনা, আয়নাঘরে আটকে রেখে নির্যাতন এবং হত্যার পর লাশ গুম করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি।

আরো যাদের বিরুদ্ধে তদন্ত

হাসিনার আমলে সামরিক বাহিনীর প্রভাবশালী কর্মকর্তাদের মধ্যে আরো পলাতক রয়েছেন মেজর জেনারেল (অব.) আকবর হোসেন, লেফটেন্যান্ট জেনারেল (বাধ্যতামূলক অবসর) সাইফুল আলম ও লেফটেন্যান্ট জেনারেল (বাধ্যতামূলক অবসর) আহমেদ তাবরেজ শামস চৌধুরী। আত্মগোপনে আছেন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন ও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল-উল ইসলাম।

এছাড়া দুদকের তদন্ত ও অনুসন্ধান চলমান আছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, আর্টডকের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. নাজিম উদ্দিন, এনএসআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) টিএম জুবায়ের, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম, রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার, হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী, সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিক এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে।

নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান, বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এসরার, এয়ার ভাইস মার্শাল (অব.) এমএ আউয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল হক সাঈদসহ কয়েকজনের বিরুদ্ধেও দুদকের তদন্ত ও অনুসন্ধান চলছে।

ফৌজদারি অপরাধের তদন্তে ট্রাইব্যুনাল

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক ডিজি মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানকে ২০২৪ সালের ১৬ আগস্ট ঢাকার খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ট্রাইবুন্যালে তার বিচার চলছে। এছাড়াও গুম-খুন ও নির্যাতনের ঘটনায় আইসিটির মামলায় র‌্যাবের (বর্তমান এসআরবি) সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটি), র‌্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম সেনা হেফাজতে আছেন।

হেফাজতে আরো আছেন ডিজিএফআইয়ের সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

একাধিক গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রের তথ্যমতে, বিপ্লব-পরবর্তী সময়ে গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে পলাতক জেনারেলদের অধিকাংশই ভারতে আশ্রয় নিয়েছেন।

ফিরিয়ে আনার উদ্যোগ

 হাসিনার সময়ে ক্ষমতার অপব্যবহার করে গুম-খুন ও অবৈধ সম্পদ অর্জনকারী সাবেক সেনা কর্মকর্তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। আইসিটির প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) পলাতক আসামিদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। এনসিবি ইন্টারপোলের দায়িত্বপ্রাপ্ত সহকারী মহাপরিদর্শক আমার দেশকে বলেন, ‘আমরা এ বিষয়ে কাজ করছি।’

বক্তব্য নেই আইএসপিআরের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর সশস্ত্র বাহিনীর ক্ষমতার অপব্যবহারকারী ও পলাতক কর্মকর্তাদের বিষয়ে কোনো তদন্ত আদালত (কোর্ট অব ইনকোয়ারি) বা তদন্ত কমিশন গঠন হয়েছে কি না বিষয়টি জানতে চাওয়া হয় আইএসপিআরের কাছে। সংস্থাটির পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরীর কাছে এ বিষয়ে কয়েক দফায় বক্তব্য চাওয়া হয়। আইএসপিআরের পক্ষ থেকে এ বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি।

এছাড়াও সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল একাধিক ইউনিটের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তারাও কোনো তথ্য দিতে রাজি হয়নি।সুত্র : আমার দেশ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.