জ্ঞানেশ-এসআইআর বিরোধী আন্দোলনে ‘ক্লান্ত’ রাহুল ?

বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ঘনঘন বিদেশ সফরের বিষয়টি আবারও সামনে নিয়ে এল বিজেপি। বিরোধী জোটের জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলনের মাঝেই তিনি আরও একটি সফরে বেরিয়ে পড়েছেন। এই অভিযোগ তুলে তাঁকে আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। বিমানে তোলা একটি ভিডিও পোস্ট করে বিজেপি দাবি করেছে, রাহুল গান্ধী ভিয়েতনামগামী বিমানে রয়েছেন। শাসক দলের কটাক্ষ, আন্দোলনের চাপে তিনি সম্ভবত ‘বড্ড ক্লান্ত’ হয়ে পড়েছেন, তাই কিছুটা বিরতি নিতেই পাড়ি দিয়েছেন ভিয়েতনামে।

বিজেপির এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, “মিথ্যা ছড়াতে ছড়াতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। বরং কিছুদিন ভিয়েতনাম ঘুরে আসি, কে আর জানতে পারবে!” ভিডিও-টি সম্ভবত বিমানে থাকা অন্য কোনও যাত্রী করেছিলেন।

 

বিজেপি মুখপাত্র আর পি সিং বলেন, “দেখুন, রাহুল গান্ধী প্রতিবারই এমনটা করেন। বিহারে একটি যাত্রার পর তিনি দুই মাসের জন্য ছুটিতে বিদেশে চলে গিয়েছিলেন। হয়তো তখনও তিনি ভিয়েতনামে গিয়েছিলেন, আর এবারও হয়তো ভিয়েতনামই গিয়েছেন।”

বিজেপির আরেক নেতা মন্তব্য করেন, রাহুল গান্ধী রাজনৈতিক কঠোর পরিশ্রম সহ্য করতে পারেন না, তাই মাঝেমধ্যেই তিনি ছুটিতে বেরিয়ে পড়েন।

বিজেপির শাহজিয়া ইলমি বলেন, “রাহুল গান্ধী আর পেরে উঠছিলেন না। তিনি আর কতটুকুই বা পরিশ্রম করবেন? ভোট চুরির বিষয়টি তো কেবল একটা অজুহাত মাত্র। তিনি কতটা অলস, তা সবাই জানে। এখন আবার তাঁর ‘পর্যটন’ শুরু হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে, দুই সপ্তাহও কাজ করতে পারেননি, তার আগেই আবার বেরিয়ে পড়েছেন। এবার তিনি ভিয়েতনামে গিয়েছেন।”

এই বিষয়ে বিজেপির আক্রমণের পাল্টা জবাব দিয়ে কংগ্রেস জানিয়েছে, বিরোধী দলনেতার বিদেশ সফর নিয়ে বিজেপি অহেতুক বিতর্ক তৈরি করছে। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, “কে কোথায়, কখন যাবে- তাতে কার কী সমস্যা? অন্য কেউ কি বিদেশে যান না? রাহুল গান্ধী একজন ব্যক্তি এবং বিরোধী দলনেতা, তাঁর কিছু দায়িত্ব রয়েছে। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, লন্ডনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেখানকার বুদ্ধিজীবীদের সঙ্গে দেখা করেন। এমনকি তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাক্ষাৎকারও দেন- যা প্রধানমন্ত্রী কখনওই করেন না।”

বিজেপিকে পাল্টা জবাব দিতে তিনি সংসদ অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের প্রসঙ্গটিও তুলে ধরেন সন্দীপ দীক্ষিত। বলেন, “তাহলে, এ নিয়ে বিজেপির সমস্যা কী? আমাদের একটি রীতি রয়েছে যে, লোকসভা অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী বিদেশ সফরে যান না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সেই রীতি ভেঙেছেন। তখন কেন কোনও প্রশ্ন ওঠে না?”

ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী দলের পক্ষ থেকে রাহুল গান্ধী নেতৃত্ব দিচ্ছেন এবং তাঁর পদত্যাগ দাবি করছেন। নির্বাচন কমিশন ও বিজেপি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে “মিথ্যা ছড়ানোর” অভিযোগ তুলেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading