নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলি, বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে ইউসুফ রাজু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই রেস্তোরাঁর কর্মী ছিলেন। এ ঘটনায় আরেক কর্মী আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার দিবাগত রাতে ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ এ তথ্য জানিয়েছে।

রেস্তোরাঁটির মালিক শেখ রাসেল এবং নিহত ব্যক্তির বন্ধু আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য, রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা নামের রেস্তোরাঁয় রাত ১২টার পর গুলি চালানো হয়। তবে বন্দুকধারী রেস্তোরাঁর ভেতরে ছিলেন, নাকি বাইরে থেকে গুলি চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪৪ বছর বয়সি এক ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। একই জায়গা থেকে ৩৯ বছর বয়সি আরেক ব্যক্তিকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দুজনকেই স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৪৪ বছর বয়সি ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত ৩৯ বছর বয়সি ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

গুলির ঘটনায় জড়িত ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা এখনো জানা যায়নি।

নিহত ও আহত ব্যক্তির পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: সিবিএস নিউজ, এনবিসি নিউজ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.