বেলজিয়ামের দাপটে বিশ্বকাপ থেকে বিদায় যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম। শেষ ষোলোর লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনার দল।

মঙ্গলবার (৭ জুলাই) সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের দলে ফিরে আসা ফোলারিন বালোগানকে ঘিরে ব্যাপক আলোচনা ছিল। লাল কার্ড-জনিত নিষেধাজ্ঞা থেকে তাকে ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনাও হয়। তবে সেই বিতর্ক মাঠের পারফরম্যান্সে কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি যুক্তরাষ্ট্র।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় বেলজিয়াম। বিপরীতে যুক্তরাষ্ট্র নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে ব্যর্থ হয়। বিশেষ করে রক্ষণভাগ ও গোলরক্ষকের একাধিক ভুলের সুযোগ নিয়ে সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউরোপের দলটি।

বেলজিয়ামের হয়ে চার্লস ডি কেটেলার জোড়া গোল করেন। এছাড়া হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকু একটি করে গোল যোগ করেন। যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন মালিক তিলমান।

এই জয়ের মাধ্যমে গত ১২ বছরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব থেকে যুক্তরাষ্ট্রকে বিদায় করল বেলজিয়াম। একই সঙ্গে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার ধারাও ধরে রাখল তারা।

কোয়ার্টার ফাইনালে শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। ওই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলবে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে।

অন্যদিকে, চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো টানা তিনটি জয় নিয়ে শেষ ষোলোতে উঠলেও ২০০২ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করতে পারেনি যুক্তরাষ্ট্র। এছাড়া ১৯৩০ সালের বিশ্বকাপের পর বেলজিয়ামের বিপক্ষে এটি তাদের টানা সপ্তম পরাজয়। ইউরোপের দলের বিপক্ষে সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই হেরেছে যুক্তরাষ্ট্র। একমাত্র জয়টি ছিল রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.