সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয়া হয়। এর মধ্য দিয়ে আলোচিত মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।
এর আগে বেলা ১১টার দিকে মামলার আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতের এজলাসে তোলা হয়। এরপর শুরু হয় শুনানি। এদিন সকাল পৌনে ৯টার দিকে তাদের প্রিজনভ্যানে করে আদালতে নিয়ে হাজতখানায় রাখা হয় তাদের।
গত ২৪ মে এ মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। পরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন বিচারক।
এর আগে ওই দিন বেলা পৌনে ৪টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। এরপর অভিযোগপত্রটি ‘দেখিলাম’ উল্লেখ করে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে প্রেরণ করেন আদালত। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।

