মার্কিন ঘাঁটিগুলো নরকযন্ত্রণা ভোগ করবে : ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ কমান্ড একটি বিবৃতি জারি করেছে।

 

রবিবার (৮ জুন) আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, “এই অঞ্চলে থাকা মার্কিন সামরিকগুলো সামনের দিনগুলোতে নরকযন্ত্রণা ভোগ করবে।” একই সঙ্গে তারা ইরানের উপকূলীয় অঞ্চল সিরিকে চালানো মার্কিন হামলাকে ‘অন্ধ ও কার্যকারিতাহীন’ বলে উড়িয়ে দিয়েছে। খবর মেহের নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী বলেছে, “(হরমুজ) প্রণালির ওপর আমাদের যে একচ্ছত্র আধিপত্য, সিরিকে আমেরিকার অন্ধ গুলিবর্ষণ তার কোনো সমাধান করতে পারবে না। তবে নিয়ম লঙ্ঘনকারীদের ওপর আমাদের পাল্টা আঘাত অন্যান্য জাহাজগুলোকে নিরাপদে যাতায়াতের স্পষ্ট পথটি মনে করিয়ে দেয়।”

 

বিবৃতিতে আরো বলা হয়, “এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর বিষয়টি সম্পূর্ণ আলাদা। তারা এই দিনগুলোতে নরকের অভিজ্ঞতা পাবে।”

 

এই কড়া হুঁশিয়ারির ঠিক আগের রাতেই মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের পাল্টা হামলা চালায় আইআরজিসি। কুয়েতের কৌশলগত আলি আল-সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সালমান বন্দরকে লক্ষ্য করে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক ওড়ায় ইরান। এই হামলায় মার্কিন বাহিনীর অন্তত আটটি লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানি বাহিনী একটি আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি উপকূলীয় ঘাঁটিতে যে হামলা চালিয়েছিল, এটি ছিল তারই প্রতিশোধ।

 

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে এই অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার শেষ আশাটুকুও ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। আইআরজিসি এর আগেই চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে রেখেছে যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো পুনরাবৃত্তি ঘটলে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর আওতাধীন চলমান সব কূটনৈতিক আলোচনা ও শান্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়বে।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.