রোববার (৩১ মে) নগর ভবনে কুরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, “কুরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ৯৪২ টন। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে ইতোমধ্যে ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।”
বর্জ্য অপসারণ কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে জানান তিনি।
দক্ষিণ সিটির আওতাধীন ১১টি পশুর হাটের বর্জ্য অপসারণের কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে আবদুস সালাম বলেন, “চুক্তির শর্ত অনুযায়ী হাটের বর্জ্য অপসারণের দায়িত্ব ইজারাদারদের হলেও তারা তা পালন করেননি।”
ফলে সিটি করপোরেশনকেই বর্জ্য অপসারণের দায়িত্ব নিতে হয়েছে বলে জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, “যেসব ইজারাদার চুক্তির শর্ত মানেননি, তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে এবং কালোতালিকাভুক্ত করা হবে।”
এসময় তিনি জানান, আগামী বছর থেকে ইজারাদারদের জামানতের পরিমাণ বাড়ানো হবে, যাতে তারা দায়িত্ব পালনে আরও জবাবদিহির মধ্যে থাকেন।

