লালমনিরহাটের সাবেক সংসদ সদস্য সফুরা গ্রেপ্তার

লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।

 

 

গ্রেপ্তার সফুরা বেগম রুমী লালমনিরহাট শহরের তালুক খুটামারা এলাকার আব্দুল্লাহর স্ত্রী। তিনি সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) এর সাবেক সংসদ সদস্য।

 

এসপি আসাদুজ্জামান জানান, নাশকতা ও হত্যাসহ পাঁচটি মামলায় অ্যাডভোকেট সফুরা বেগম রুমী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারের পর সফুরা বেগম রুমীকে লালমনিরহাট নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.