বন্দুকধারীর গুলিতে নিহত ৮ শিশু, ৭ জনই তার সন্তান

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রীভপোর্ট শহরে এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৩ থেকে ১১ বছর বয়সী আটজন শিশু নিহত হয়েছে। এটিকে গত দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী গণহত্যার একটি বলা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী শামার এলকিন্স নামের এক ব্যক্তি তার সাত সন্তান এবং আরো এক শিশুকে গুলি চালিয়ে হত্যা করেন। একই সঙ্গে তিনি তার স্ত্রীসহ দুই নারীকে গুরুতর আহত করেন।

হামলাটি একাধিক বাড়িতে ঘটে। ঘটনার পর হামলাকারী একটি ছিনতাই করা গাড়িতে করে পালিয়ে যান। পরে পুলিশের ধাওয়ার সময় তিনি গুলিতে নিহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত শিশুরা হলো—জায়লা এলকিন্স (৩), শায়লা এলকিন্স (৫), কায়লা পিউ (৬), লায়লা পিউ (৭), মার্কাইডন পিউ (১০), সারিয়াহ স্নো (১১), খেদারিয়ান স্নো (৬) এবং ব্রেলন স্নো (৫)।

এদের মধ্যে সাতজন ভাই-বোন এবং একজন তাদের কাজিন। শিশুদের মাসহ দুইজন প্রাপ্তবয়স্ক নারীও গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় রয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার ভোর ৫টার দিকে এই গোলাগুলি শুরু হয়।

৩১ বছর বয়সী শামার এলকিন্স প্রথমে তার স্ত্রীকে (নিহত শিশুদের মা) গুলি করে গুরুতর আহত করেন। এরপর তিনি পাশের একটি বাড়িতে গিয়ে তার নিজের সন্তানদের গুলি করেন।

পুলিশ আরো জানিয়েছে, সেখানে উপস্থিত একজন কাছের একটি বাড়িতে দৌড়ে গিয়ে কর্তৃপক্ষকে ফোন করে। বন্দুকধারী একাই ছিলেন। পুলিশ বিভাগের মুখপাত্র বোর্ডেলন বলেন, নবম শিশুটি ছাদ থেকে লাফিয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকালে একটি সংবাদ সম্মেলনে বোর্ডেলন বলেন, স্থানীয় সময় সকাল ৬টার কিছু আগে কর্মকর্তারা একটি বাড়িতে গিয়ে শিশুদের খুঁজে পান। পুলিশ কর্মকর্তা ক্রিস বোর্ডেলন জানান, ওয়েস্ট ৭৯ স্ট্রিট এবং হ্যারিসন স্ট্রিটের তিনটি বাড়িতে শিশুদের নিথর দেহ পাওয়া যায়। এই ঘটনায় নিহত সবাই অপ্রাপ্তবয়স্ক।

রবিবার সকালে শ্রেভেপোর্টের মেয়র টম আর্সেনো বলেন, ‘মর্মান্তিক এক পরিস্থিতি। সম্ভবত শ্রেভেপোর্টে আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ মর্মান্তিক ঘটনা এটি।’ তিনি আরো বলেন, ‘এই ঘটনা পুরো সম্প্রদায়কে প্রভাবিত করেছে, তাই আমরা সবাই এই পরিবারগুলোর সঙ্গে শোক প্রকাশ করছি।’

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার তথ্য সংগ্রহকারী একটি অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ (জিভিএ)-এর মতে, ২০২৪ সালের জানুয়ারিতে ইলিনয়ের জোলিয়েটে আটজন নিহত হওয়ার পর এটিই মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে মারাত্মক গুলি চালানোর ঘটনা।

শ্রেভপোর্ট পুলিশ প্রধান ওয়েন স্মিথ বলেছেন, ‘পুরো সম্প্রদায়ের জন্য তার গভীর সমবেদনা রইল। কিভাবে এমন একটি ঘটনা ঘটতে পারে, তা আমি কল্পনাও করতে পারছি না।’

তিনি বলেন, লুইজিয়ানা স্টেট পুলিশের সঙ্গে সমন্বয় করে এবং অন্যান্য সংস্থার সহায়তায় তদন্তটি পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘যা ঘটেছে তার উত্তর খুঁজে বের করতে যত সময়ই লাগুক না কেন, আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.