সামনের দিনগুলো কঠিন হবে, সবকিছুর দাম বাড়তে পারে : মির্জা ফখরুল

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনের দিনগুলো খুব একটা ভালো যাবে না, কঠিন হবে। সবকিছুর দাম বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

আজ সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু সংখ্যক নেতা বের হয়েছে, যারা বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে। কিন্তু তারা তো কাউকে বেহেশতে নিতে পারেনি। আমরা আমাদের কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে ইনশাআল্লাহ বেহেশতে যাবো। একটি বিষয় মনে রাখবেন, ধর্মকে বিক্রি করে কিছু করা যায় না।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি যে কথা বলে, তা কাজ করে দেখায়। আমরা আমাদের কাজ ও ইবাদতের মাধ্যমে বেহেশতে যাবো। ধর্মকে ব্যবহার করে কেউ বেহেশতে যেতে পারে না।

এসময় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সৎভাবে কাজ করতে হবে, যাতে কেউ অভিযোগ করতে না পারে যে খাল খননের কাজ সঠিকভাবে হয়নি।

কিছু পাম্পে ভাঙচুরের ঘটনার বিষয়ে তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো ধরনের ‘মব’ তৈরি হতে দেওয়া হবে না। মবকে কঠোরভাবে দমন করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.