এবার বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার জানান, নিহত মোহাম্মদ তারেকের (৪৮) বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।

আহতদের মধ্যে মো. আজিমের বাড়িও সন্দ্বীপে, আর মো. কামরুলের বাড়ি টাঙ্গাইল জেলায়।

তারা সবাই বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি শিপইয়ার্ডে শ্রমিক হিসেবে চাকরি করতেন। সোমবার সকালে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জাহাজের ওপর এসে পড়লে তারা হতাহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শিপইয়ার্ডে আগুন ধরে যায়। পরে তা নেভানো হয়।

নিহত তারেকের মামাতো ভাই মোশারফ হোসেন জানান, তারেক প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে ছিলেন। তিনিই ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তার একমাত্র মেয়ে কলেজে পড়ে।

“সর্বশেষ গতকাল সন্ধ্যায় তারেক পরিবারের সাথে ভিডিও কলে কথা বলেছিল। ২৫ রোজায় তার দেশে ফেরার কথা ছিল।”

তারেকের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে শনিবার থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

শনিবার এক হামলায় সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত হন, যাদের মধ্যে ছিলেন একজন বাংলাদেশি।

এছাড়া কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.