ইরানের হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর নেতানিয়াহু বললেন ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’

শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চলের ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এই হামলার পর ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ ইসরাইলি শহর ডিমোনাতেও হামলা হয়েছে। এখানেও অনেকে আহত হয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহু এই ঘটনাকে শহরটির জন্য ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে বর্ণনা করেছেন।

নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তিনি এই সময়ে মাঠে কাজ করা জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করবেন। একই সঙ্গে তিনি দেশজুড়ে মানুষকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

নেতানিয়াহু আরও বলেন, ‘সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’ তথ্যসূত্র: বিবিসি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.