ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি শাটল বাসের কাছে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গাঞ্জা জানিয়েছেন, ড্রোন হামলাটি একটি শিল্পপ্রতিষ্ঠানের খনিশ্রমিকবাহী বাসকে লক্ষ্য করে চালানো হয়েছে। বাসটিতে কাজ শেষে খনি থেকে ফেরত আসা শ্রমিকরা ছিলেন।
ইউক্রেনের শীর্ষস্থানীয় বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে জানায়, হামলায় মোট ১৫ জন নিহত হয়েছেন, তবে আঞ্চলিক প্রশাসন এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি একটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা।
এদিকে, একই দিনে ইউক্রেনের অন্যান্য এলাকায় পৃথক রুশ হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। জাপোরিঝিয়া অঞ্চলের একটি মাতৃসদনেও ড্রোন হামলার ঘটনা ঘটে, যেখানে সন্তান প্রসবরত দুই নারী আহত হন। আঞ্চলিক প্রধান ইভান ফেদোরভ হামলাটিকে ‘জীবনের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের প্রমাণ’ হিসেবে উল্লেখ করেছেন।
ফেদোরভের টেলিগ্রাম পোস্টে দেখা যায়, হাসপাতালের জানালা ভেঙে গেছে, কক্ষে ধোঁয়া, পোড়া ধ্বংসাবশেষ ও ছড়িয়ে থাকা কাচের টুকরো রয়েছে। আহতরা বর্তমানে প্রাথমিক চিকিৎসা পাচ্ছেন।
দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কেন্দ্রীয় শহর দিনিপ্রোতে পৃথক এক ড্রোন হামলায় একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে, যার ফলে দেশটির বিদ্যুৎ ও গরমের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে চলমান তীব্র শীতে এই হামলার প্রভাব আরও গভীর হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।

