ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহনের ধাক্কায় তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুমঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকারিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা অভিমুখে যাত্রা করা সেন্টমার্টিন পরিবহনের একটি ডাবল ডেকার বাস ধুনঘাট ব্রিজের আগে বনবিভাগের চেকপোস্টের উত্তর পাশে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসযাত্রীদের ধারণা, গভীর রাতে মহাসড়কে কুয়াশা থাকায় চালক সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি বুঝতে পারেননি। এ কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ উদ্ধার করি। এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

