নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭/৮ তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে। তারপর শোনা গেল ১১ তারিখ তফসিল ঘোষণা হবে। এখন পত্রিকায় নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে কোন কথা বলবেন না, আমরা দেখছি। আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে।

রোববার (৭ ডিসেম্বর) বিকালে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম খালেদা জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। সবাই চাই তিনিও এই নির্বাচনি প্রক্রিয়ায় থাকুক। তার স্বাস্থ্য বিষয়ে সবার মাঝে একটা শঙ্কা তৈরি হয়েছে। সেই কারণে নির্বাচনের অবস্থার কোন পরিবর্তন হয় কি-না এটা আমাদের মনের মধ্যে আছে। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময়ে হবে।

তিনি আরও বলেন, পনের বছরের লড়াইয়ে আমাদের সঙ্গে বিএনপিসহ অন্যান্য দল ছিল, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও সঙ্গে নির্বাচনি সমঝোতা গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না।

এ সময় দলের সাধারণ সম্পাদক শহিদুল্লা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত মেজর আব্দুস সালামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা শহরের কলেজমোড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.