রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এসময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থল হয়ে ভুলতা গাউছিয়া যাচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ ভূমিকম্পে সড়কের পাশের দেয়াল ধসে পড়ে। এতে নবজাতক ফাতেমা দেয়ালের নিচে চাপা পড়ে এবং তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। পরে দেয়ালের ইট সরিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। আহত অবস্থায় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ‘ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এসময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হলে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।’

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.