খুলনায় আদালত চত্ত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

 

খুলনায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় দুইজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ দুজনই নিহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ফজলে রাব্বি রাজন। তাৎক্ষণিকভাবে অপর নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- হাসিব হাওলাদার (৪০) ও রাজন (৩৮)। তারা দুইজনে অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসে রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন তাদের ওপর গুলি চালায় ও চাপাতি দিয়ে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। এ সময় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনার কারণে পুরো আদালত চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এভাবে প্রকাশ্যে মানুষকে হত্যা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আদালতের আইনজীবীরা। ঘটনাস্থল পরিদর্শনে আসছেন পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.