কেরানীগঞ্জের তেঘরিয়া জিন্দাপীর মাঠে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী সমাবেশ। বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় সকাল থেকেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ পরিণত হয় জনসমুদ্রে। নারী-পুরুষ, তরুণ-যুবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সমাবেশ ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে গয়েশ্বর রায় তেঘরিয়া ও আশপাশের এলাকার দীর্ঘদিনের অবহেলা, নাগরিক ভোগান্তি এবং জরুরি উন্নয়ন প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, “এলাকার মানুষের সমস্যা আমার জানা আছে। আপনাদের প্রত্যাশা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করে। আমি নির্বাচিত হলে এই এলাকার সড়ক, ড্রেনেজ, জলাবদ্ধতা, সুপেয় পানি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা—সবখানে আধুনিক উন্নয়ন নিশ্চিত করবো।”
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতেই ভবিষ্যতের সব উন্নয়ন পরিকল্পনা করা হবে। এ নিয়ে তিনি জনগণের সাথে নিয়মিত মতবিনিময়ের অঙ্গীকার ব্যক্ত করেন। তার ভাষায়, “এলাকায় এলাকায় ঘুরে মানুষের কথা শুনছি, তাদের সমস্যা জানছি। আপনাদের সাথেই মিলে আমি উন্নয়নের ব্লু-প্রিন্ট তৈরি করবো। প্রান্তিক মানুষের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না—এ কারণেই আমি আপনাদের প্রত্যেককে সম্পৃক্ত রাখবো।”
সমাবেশে নিপুন রায় চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন এবং জনগণকে আগামী নির্বাচনে গয়েশ্বর রায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তারা অভিযোগ করেন, কেরানীগঞ্জ দীর্ঘদিন ধরে অবহেলিত; মৌলিক সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বর্তমান জনপ্রতিনিধিরা। তাই পরিবর্তনের এ সময়েই এলাকার উন্নয়নমুখী নেতৃত্বের প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছিল নিরাপত্তার কড়া ব্যবস্থা। সভাস্থলের চারপাশে দায়িত্ব পালন করে বিএনপি পক্ষের স্বেচ্ছাসেবক ও স্থানীয় নেতাকর্মীরা। দলীয় নেতা-কর্মীদের শ্লোগান, ব্যানার ও পোস্টারে পুরো এলাকা ছিল সরগরম।
স্থানীয়রা জানান, কেরানীগঞ্জে দীর্ঘদিন ধরেই উন্নয়নধারার এক নতুন অধ্যায়ের প্রত্যাশা ছিল তাদের। গয়েশ্বর রায়ের বক্তব্য তাদের সেই আশা নতুন করে জাগিয়ে তুলেছে।

