প্যারিসে ফটোগ্রাফি ও ভিডিও শিল্পের পেশাদার এবং অনুরাগীদের জন্য শুরু হতে যাচ্ছে ইউরোপের অন্যতম বৃহৎ প্রদর্শনী “Salon de la Photo ২০২৫”। আগামী ৯ থেকে ১২ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসের “Grande Halle de la Villette”–এ অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রদর্শনী।
সূচনা ও বিকাশ
“Salon de la Photo” প্রথমবার আয়োজিত হয়েছিল ২০০৭ সালে। শুরুর দিকে সীমিত আকারে হলেও, সময়ের সঙ্গে এটি বিকশিত হয়ে দাঁড়িয়েছে ক্যামেরা, ভিডিও ও ইমেজিং প্রযুক্তির অন্যতম বৃহৎ প্রদর্শনী হিসেবে। প্রতি বছর এখানে নতুন প্রযুক্তি, সরঞ্জাম ও শিল্পকলা প্রদর্শিত হয়, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক ও অংশগ্রহণকারীদের আকর্ষণ করে।
অংশগ্রহণকারীদের আয়োজন
২০২৫ সালের প্রদর্শনীতে প্রায় ১১০টি কোম্পানি এবং ১৮০টি ব্র্যান্ড অংশ নেবে। প্রায় ৪,০০০ বর্গমিটার আয়তনের প্রদর্শনী স্থলে ক্যামেরা, লেন্স, লাইটিং, ট্রাইপড, স্টুডিও সরঞ্জামসহ আধুনিক প্রযুক্তির বিস্তৃত সংগ্রহ উপস্থাপন করবে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো।
প্রদর্শকদের মধ্যে রয়েছে Canon France, Ricoh Imaging Europe, OpenEye, Image et Nature–এর মতো শীর্ষস্থানীয় কোম্পানি।

কী থাকছে প্রদর্শনীতে
এই মেলায় দর্শনার্থীরা দেখতে ও জানতে পারবেন—
সর্বশেষ ক্যামেরা প্রযুক্তি: রিফ্লেক্স, হাইব্রিড, ব্রিজ ও কমপ্যাক্ট ক্যামেরা।
ফটোগ্রাফি ও ভিডিও ওয়ার্কশপ: স্ট্রিট ফটোগ্রাফি, পোর্ট্রেট, প্রাকৃতিক ও কৃত্রিম আলো ব্যবহার, রিটাচিং, কুলিনারি ফটোগ্রাফি থেকে শুরু করে সিনেমাটিক শুটিং পর্যন্ত নানা প্রশিক্ষণ সেশন।
গ্র্যান্ড এক্সপো: রোমান প্রকাশনা Contrasto ও তাদের Fondation Forma সংগ্রহ থেকে নির্বাচিত চিত্রকর্ম প্রদর্শনী।
ফটো সাংবাদিকতার প্রদর্শনী: “Témoigner pour ne pas fermer les yeux” শিরোনামে বিশ্বখ্যাত ফটো সাংবাদিক যেমন Jérôme Delay, Véronique de Viguerie, Yannis Behrakis প্রমুখের কাজ স্থান পাবে।

সুযোগ ও সম্ভাবনা
“Salon de la Photo” শুধু প্রদর্শনী নয়, বরং ফটোগ্রাফি ও ভিডিও শিল্পে ক্যারিয়ার গড়তে ইচ্ছুকদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম।
নেটওয়ার্কিং: ব্র্যান্ড, প্রকাশনা সংস্থা, গ্যালারি, প্রযোজক ও নতুন সহযোগীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ।
প্রযুক্তি পরীক্ষা: সর্বশেষ ক্যামেরা ও আনুষঙ্গিক সরঞ্জাম সরাসরি হাতে নিয়ে ব্যবহার করে দেখার সুযোগ।
পেশাদার প্রশিক্ষণ: ওয়ার্কশপের মাধ্যমে দক্ষতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানে কাজ করার প্রস্তুতি।
বাজার প্রবেশ: নতুন ব্র্যান্ড ও স্টার্টআপ গুলোর জন্য নিজেদের পণ্য সরাসরি বাজারে তুলে ধরার সুবর্ণ সুযোগ।
আসন্ন এই উৎসবে নিঃসন্দেহে পেশাদার ও শৌখিন উভয় ফটোগ্রাফারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন, শিল্পকলা ও প্রশিক্ষণের সমন্বয়ে এটি হবে চারদিনব্যাপী এক মহোৎসব, যেখানে ছবিই হবে ভাষা, আর আলো–অন্ধকার মিলেই ফুটে উঠবে সৃজনশীলতার নতুন গল্প।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

