বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় জুম্ম আদিবাসী জনগণের ওপর সাম্প্রতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার সংলগ্ন মানবাধিকার চত্বরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত ৫ অক্টোবর রবিবার “La Voix Des Jummas” সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রবাসী জুম্ম সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন মানবাধিকারকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে গুইমারা ও মহাজনপাড়া এলাকায় সেটেলারদের হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ চরম মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ। তারা জানান, ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে ১২ বছর বয়সী এক মারমা কন্যাশিশুর ওপর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর জুম্ম ছাত্র জনতা একটি শান্তিপূর্ণ সমাবেশ করে। সেই সমাবেশে উগ্র সেটেলারদের হামলায় বহু জুম্ম আহত হন এবং রাতে য়ংড বৌদ্ধ বিহারে হামলার চেষ্টা চালানো হয়।

পরদিন ২৮ সেপ্টেম্বর গুইমারায় চলমান শান্তিপূর্ণ কর্মসূচির সময় আইনশৃঙ্খলা বাহিনী নিরস্ত্র জুম্ম জনগণের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। একই সঙ্গে রামসু বাজার এলাকায় সেটেলারদের সমন্বিত হামলায় তিনজন নিহত, ৪০ জন আহত, পাঁচজন নিখোঁজ এবং বহু বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

“La Voix Des Jummas” এই ঘটনাগুলোকে জাতিসংঘের “Convention on the Prevention and Punishment of the Crime of Genocide (1948)” অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে। সংগঠনটি প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে চার দফা দাবি উত্থাপন করেছে—
১. নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি অবিলম্বে মানবিক সহায়তা ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদান।
২. ধর্ষক, হামলাকারী ও উগ্র সেটেলারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
৩. ঘটনার ওপর নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডে তদন্ত পরিচালনা।
৪. ভবিষ্যতে সাম্প্রদায়িক সহিংসতা রোধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ।

সমাবেশে বক্তব্য রাখেন—রেমি ফ্লেগিয়ের চাকমা (প্রেসিডেন্ট, La Voix Des Jummas), সুনীতি চাকমা (জেনারেল সেক্রেটারি, Asha সংগঠন), সাইলা প্রু মারমা (জুম্ম নেতা, ফ্রান্স), রাজু চাকমা (জুম্ম ব্লগার), কে চৌধুরী ও রিগ্যান দেওয়ান, সিদ্ধান্ত তঞ্চঙ্গ্যা (সেক্রেটারি, European Jumma Indigenous Council), উলাচিং মারমা, মেকসুয়েল চাকমা (সহ-সভাপতি, LVJ), অংচিং মারমা ও সুধানা দেওয়ান।

সমাবেশ পরিচালনা করেন সন্তোষ বিকাশ চাকমা (বাপ্পি) ও স্মরণিকা চাকমা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্থ দেওয়ান, জেনারেল সেক্রেটারি, La Voix Des Jummas।
সমাবেশে বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান—বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে জুম্ম আদিবাসীদের জানমাল ও অস্তিত্ব রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে।

রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

