ফ্রান্সে অনুষ্ঠিত হলো এবারের বহুল প্রতীক্ষিত মানবতার উৎসব ২০২৫ (Fête de l’humanité)। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই মহোৎসবে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। স্থান ছিল ফ্রান্সের এসন্ (Essonne) অঞ্চলে যেখানে সংগীত, রাজনীতি, সংস্কৃতি ও সামাজিক আলোচনার এক মিলনমেলা গড়ে ওঠে।
এবারের আসরে উৎসবের আবহ ছিল উচ্ছ্বাসে ভরা। ফ্রান্স কমিউনিস্ট পার্টি (PCF), মেলোনসোর লা ফ্রন্স ইনসুমি (LFI), সোশ্যালিস্ট পার্টি (PS), NPA, ফ্রান্স- প্যালেস্টাইন সংহতি (AFPS) সহ বহু সমাজতান্ত্রিক দলের অংশগ্রহণে শত শত স্টলে বিভিন্ন দেশি-বিদেশি খাবার, বই, সাংস্কৃতিক প্রদর্শনী, রাজনৈতিক প্রচারপত্র ও স্মারকসামগ্রী পাওয়া গেছে। শুধু স্টল নয়, ছিল অসংখ্য সাংস্কৃতিক কার্যক্রম। মঞ্চে সুরের ঢেউ তুলেছেন বিশ্বের নামকরা শিল্পীরা। অংশ নিয়েছেন প্যাটি স্মিথ, এডি দ্য প্রেত্তো, হোশি, কালাশসহ আরও অনেকে। পাশাপাশি নাটক, চলচ্চিত্র প্রদর্শন, সাহিত্যকর্ম উপস্থাপনা এবং রাজনৈতিক আলোচনা হয়ে ওঠে উৎসবের বিশেষ আকর্ষণ।

এই উৎসবের ইতিহাস দীর্ঘ ও গৌরবময়। ১৯৩০ সালের ৭ সেপ্টেম্বর Bezons শহরে Parc Sacco et Vanzetti-তে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল ফেত দে ল’হুমানিতে। মূল উদ্দেশ্য ছিল দৈনিক পত্রিকা L’Humanité-কে অর্থ সংগ্রহে সহায়তা করা এবং শ্রমিক শ্রেণির ঐক্যকে মজবুত করা। প্রথম দিকেই এর জনপ্রিয়তা দ্রুত বাড়ে। ১৯৩৫ সালে এতে ছিল প্রায় ৩৫০টি স্টল এবং ১৯৩৬ সালে দর্শকসংখ্যা পৌঁছে যায় প্রায় তিন লক্ষে। সেই থেকে ধাপে ধাপে এটি রূপ নেয় ফ্রান্সের বৃহত্তম জনসমাগমের এক সাংস্কৃতিক ও রাজনৈতিক উৎসবে। বর্তমানে প্রতি বছর লাখো মানুষ এই আয়োজনের অংশ হয়।

এবারের আয়োজনে দর্শনার্থীর সংখ্যা আনুমানিক ছয় লক্ষেরও বেশি। দিনরাত উৎসব প্রাঙ্গণে দর্শকদের ভিড় ছিল উপচে পড়া। গান, নৃত্য ও শিল্পকর্মের পাশাপাশি রাজনীতি ও সামাজিক প্রশ্নে নানা আলোচনা-সভা অনুষ্ঠিত হয়েছে। ফলে এই উৎসব কেবল বিনোদন নয়, বরং সমতা, স্বাধীনতা ও মানবিক সংহতির প্রশ্নে সচেতনতারও এক বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য যে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করা একটি সংগঠন ফ্রান্স কৃতি (France Kriti) এই উৎসবে বাংলাদেশীদের জন্য বিনামূল্যে প্রবেশ ও দলগত ভাবে প্রতিদিন উৎসব প্রাঙ্গণ ঘুরে দেখার আয়োজন করে।

এই উৎসবে তাই শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়; এটি ইতিহাস, রাজনীতি ও জনআন্দোলনের মেলবন্ধন, যা প্রতি বছর নতুন করে মানুষকে ঐক্যের বার্তা দেয়। ২০২৫ সালের আসর আবারও প্রমাণ করেছে, সংস্কৃতি ও রাজনীতি যখন একসঙ্গে পথচলা করে, তখন সমাজে জাগরণ ছড়িয়ে পড়ে সর্বস্তরে।
রাকিবুল ইসলাম , শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

