ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশি গজলশিল্পীর একক গজল সন্ধ্যা। রবিবার আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে গজল পরিবেশন করেন দেশের বরেণ্য গজলশিল্পী আরিফুল ইসলাম মিঠু।
অনুষ্ঠানের আয়োজন করে ছড়াভিত্তিক লিটল ম্যাগাজিন ‘ছড়াকর্ম’ ও সাহিত্যপত্রিকা ‘উচ্ছল’। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন উভয় পত্রিকার সম্পাদক, খ্যাতনামা ছড়াকার ও শিশুসাহিত্যিক লোকমান আপন। প্যারিসের গানপ্রেমী সুধীসমাজ ছিল সহযোগিতায়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী এই গজল সন্ধ্যায় আরিফুল ইসলাম মিঠু তাঁর মোহনীয় কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। উপস্থিত দর্শক-শ্রোতারা করতালিতে অনুষ্ঠানস্থল মুখরিত করে তোলেন। তবলায় শিল্পীকে সহযোগিতা করেন অনুভব চ্যাটার্জি।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিল্পী মিঠু বলেন, “এ অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম ভালোলাগা। স্বপ্নের শহর প্যারিসে এতো ভক্ত-শ্রোতা আছেন, তা আমি কল্পনাও করিনি। তাঁদের সামনে গান পরিবেশন করতে পেরে আমি ধন্য। এবারের ইউরোপ সফর আমার কাছে সার্থক মনে হচ্ছে। আয়োজকদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ।”
মূল উদ্যোক্তা কবি ও সম্পাদক লোকমান আপন বলেন, “আমার জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা। মিঠু ভাইয়ের সঙ্গে আমার ২৬ বছরের পরিচয়কে সম্মান জানিয়ে তিনি প্যারিসে এসেছেন এবং কণ্ঠের জাদুতে সবাইকে মুগ্ধ করেছেন। প্যারিসের গানপ্রেমী বন্ধুবর্গ ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা এবং বিশেষ করে সমাজ সেবক ও সাংস্কৃতিক সংগঠক শুভব্রত ভট্টাচার্য শুভদার সহযোগিতা ছাড়া এ আয়োজন সম্ভব হতো না।”

এছাড়া তিনি স্পেনপ্রবাসী গীতিকার মাসুদ কামালকে বিশেষভাবে ধন্যবাদ জানান, যার পরামর্শে এ আয়োজন বাস্তবায়ন সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট আবৃত্তিশিল্পী মুনির কাদের বলেন, “প্যারিসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি গজলশিল্পীর একক গজল সন্ধ্যা আয়োজন সত্যিই অসাধারণ উদ্যোগ। আরিফুল ইসলাম মিঠুর মতো খ্যাতনামা শিল্পীর গান সরাসরি শুনতে পারা আমাদের জন্য বিশেষ অভিজ্ঞতা।”
প্যারিসবাসীর উপস্থিতিতে এই গজল সন্ধ্যা এক স্মরণীয় সাংস্কৃতিক আসরে পরিণত হয়।
রাকিবুল ইসলাম , শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

