ডাকসু নির্বাচন : সাইবার হামলার অভিযোগ ছাত্রদল সমর্থিত প্রার্থীদের

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে নতুন করে সাইবার হামলার অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

 

 

তারা জানান, তাদের একাধিক ফেসবুক আইডিতে রহস্যজনক সাইবার আক্রমণ হয়েছে।

 

প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ভেরিফায়েড আইডি নেই হয়ে গেছে। প্রমাণাদি দিয়ে প্রাথমিকভাবে ফিরে পেলেও একটি পোস্ট করার পর আবারো ডিজেবল করে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “নির্বাচনের আগে আদৌ আইডি ফিরে পাব কি না জানি না। অথচ এই আইডিতেই আমি নির্বাচনী প্রচারণা চালাতাম, যেখানে প্রচুর রিচ হতো। রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আমাদের ওপর সাইবার আক্রমণ চালানো হচ্ছে।”

 

তিনি আরো বলেন, “৫ আগস্টের পর এমন ঘটনা বেদনাদায়ক। দীর্ঘ সংগ্রামের পর আমরা এই জায়গায় এসেছি। জীবনে কখনো শিক্ষার্থী অধিকার বা স্বাধীনতার প্রশ্নে আপোষ করিনি। তাই মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না, সত্যের জয় হবেই। প্রতিকূল পরিস্থিতিতেও আপনারা ভোটের মাধ্যমে জবাব দেবেন।”

সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম অভিযোগ করে বলেন, “আমাদের তিনজনের আইডিতেই সাইবার আক্রমণ চালানো হয়েছে। এর পেছনে সুস্পষ্টভাবে পরাজয়ের আশঙ্কা কাজ করছে। আজ আইডি গায়েব হচ্ছে, কাল নির্বাচিত হলে তারা ৪০ হাজার শিক্ষার্থীর আইডি ডিজেবল করে দেবে।”

তিনি বলেন, “আগে মানুষ গুম করা হতো, এখন হচ্ছে সাইবার গুম। আমি শিক্ষার্থীদের আহ্বান জানাব, যারা সাইবার আক্রমণ চালাচ্ছে, আগামীকাল ব্যালট অ্যাটাকের মাধ্যমে তাদের বিরুদ্ধে জবাব দিন।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.