সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি

 

আগামী সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে ইউকে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউকে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমদ।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন, এটা তাদের দীর্ঘদিনের দাবি। দুঃখজনক হলেও সত্য যে, অতীতের কোনো সরকারই এ দাবি পূরণে সত্যিকার আন্তরিকতা দেখায়নি। বিগত ৫৪ বছর শুধু মুলা ঝুলিয়ে রাখা হয়েছিল। অথচ প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। ভোটের অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। এবার যদি প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা না হয় তাহলে আর কখনও হয়ত করা হবে না।

তিনি আরও বলেন, বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন। সভা-সমাবেশ করেছেন। সর্বশেষ ৫ আগস্ট রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে সরকারের টনক নাড়িয়ে দিয়েছিল। সুতরাং এমন গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের অবহেলা করার কোনও সুযোগ নেই। তাদের ন্যায্য ভোটাধিকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেই দিতে হবে।

দাবি তুলে ধরে প্রবাসী এই নেতা বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা দেখতে চাই। প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুতির কাজ শিগগিরই শুরু হয়েছে দেখতে চাই। প্রবাসীদের এনআইডি কার্ড প্রদানের পর ভোটার তালিকা প্রস্তুত করতে গেলে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন না। তাই ভোটার তালিকা প্রস্তুতি সহজতর করা দরকার। বাংলাদেশি পাসপোর্ট, ফরেন পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প, জন্ম সনদ, এসএসসি সার্টিফিকেটসহ যেকোনো পাবলিক ডকুমেন্টে বাংলাদেশি নাগরিকত্ব দেখায়- তা দেখিয়ে ভোটার তালিকা তৈরি করা দরকার।

তিনি বলেন, প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়ন ও ভোটাধিকার নিশ্চিতকরণে প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা হচ্ছেন আসল স্টেকহোল্ডার। তাই তাদের পরামর্শ ও প্রবাসী বিশেষজ্ঞদের মতামত নিতে হবে। এর পাশাপাশি ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনারকে রিটার্নিং অথবা প্রিজাইডিং অফিসার নিযুক্ত করে প্রয়োজনীয় বুথ সরবরাহ করে ফিজিক্যাল ভোটের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.