লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের হামলা : নিহত ৪, নিখোঁজ ১৫

লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটি থেকে ছয়জন ক্রুকে উদ্ধার করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। এই হামলার দায় স্বীকার করেছে ইরানসমর্থিত ইয়েমেনের হুতিরা।

উদ্ধার অভিযানে সম্পৃক্ত নিরাপত্তাপ্রতিষ্ঠানগুলোর সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বুধবার জানিয়েছে, পণ্যবাহী জাহাজটিতে মোট ২৫ জন ছিলেন। হামলায় অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন। আর ছয়জনকে জীবিত উদ্ধার করার পর এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন।

হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রিসের মালিকানাধীন ‘এটারনিটি সি’ নামের পণ্যবাহী জাহাজটিতে একটি নৌযান ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা করেছেন হুতি যোদ্ধারা। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ‘এটারনিটি সি’ নামের পণ্যবাহী জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। গত সোমবার হামলা চালানো হয়। হামলার পর হুতি যোদ্ধারাই জাহাজটি থেকে বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছেন। তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.