বুধবার (৪ জুন) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রম বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহির বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে জাতীয় নাগরিক পার্টি নিশ্চিত করতে চায়। আমাদের নীতিগত জায়গা হচ্ছে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি। কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই তাহলে এটা কোনো একক দলের পক্ষে সম্ভব নয়।
তিনি আরো বলেন, ‘আমরা জনগণের আন্দোলনের মধ্য থেকে গড়ে উঠেছি। যদি জনগণ আমাদের সমর্থন না দেয় তাহলে রাজনৈতিকভাবে বা নৈতিকভাবে বাংলাদেশে আমরা টিকে থাকতে পারব না।
কোনো একক ব্যক্তির কাছে অর্থ না দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সবার কাছে আহ্বান থাকবে যারা আমাদের সমর্থন করতে চান বা আমাদের সহযোগিতা করতে চান কেউ কোনো ব্যক্তিগতভাবে কাউকে টাকা কিংবা সহযোগিতা দেবেন না। আমাদের কেন্দ্রীয় একটি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমাদের সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল অ্যাকাউন্ট পার্টির নামে। তাই কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে বা কোনো ব্যক্তির কাছে কেউ অর্থ দেবেন না।
তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী দিনে আমাদের অর্থ কোন কোন খাতে ব্যয় করা হয়েছে, সেটা আমরা জনগণের সামনে উন্মুক্ত করব।’

