শীর্ষনিউজ, ঢাকা: সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপনে সহযোগিতা করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ- (ইসকন) বাংলাদেশ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণী ও সুদর্শন মহারাজের পবিত্র রথযাত্রা ২০২৫ উপলক্ষে ইসকন বাংলাদেশ গভীর আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছে যে, এ বছরের রথযাত্রা উৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ইসকন নেতারা জানান, এই মহান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট সকল সরকারি বিভাগকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
‘এছাড়া, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, দেশ-বিদেশের গণমাধ্যম, স্বেচ্ছাসেবক এবং সর্বোপরি দেশের সাধারণ জনগণ যেভাবে সহযোগিতা ও সমর্থন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের সবার অবদানের কারণেই রথযাত্রা একটি নিরাপদ, সুন্দর ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন হয়েছে।’
ইসকন বাংলাদেশ আশাবাদ ব্যক্ত করে বলেছে, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

