পাঁচ শতাধিক বাবুই ছানা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদ থানা এলাকা থেকে মো. মোবারেক ফকিরকে গ্রেপ্তার করে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

ঝালকাঠির সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে তালগাছ কেটে ৫ শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মো. মোবারেক ফকিরকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত. মোসলেম আলী ফকিরের ছেলে।

 

রবিবার (২৯ জুন) সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

স্থানীয়রা জানিয়েছেন, গত শুক্রবার (২৭ জুন) সকালে পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটির শাখায় ছিল অসংখ্য বাবুই পাখির বাসা। প্রত্যেক বাসায় ডিম ও ছানা ছিল। গাছটি কাটার ফলে বাসাগুলো নিচে পড়ে ও পানিতে ডুবে যায়। এতে অধিকাংশ ছানা মারা যায় এবং ডিমগুলো নষ্ট হয়ে যায়। কিছু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে গেলেও অধিকাংশই মারা গেছে। এ ঘটনায় দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদুর রহমান বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ রেকর্ডের মাত্র তিন ঘণ্টার মধ্যে মোবারেক ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ঝালকাটির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, “তালগাছ কেটে বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.