সীমান্তে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত

সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে দিনেশ কুমার নামে ভারতীয় সেনা নিহত হয়েছে।

ভারতের হামলার প্রতিক্রিয়ায় বুধবার (৭ মে) অব্যাহত গোলাবর্ষণ করে পাকিস্তানি সেনারা। খবর- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বুধবার রাত ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয়। এ পর্যন্ত সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১২ জনই বেসামরিক নাগরিক।

ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোর বা হোয়াইট নাইট কোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘হোয়াইট নাইট কোরের জিওসি ও সকল সদস্য ৫ ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়েক দিনেশ কুমারের চূড়ান্ত আত্মত্যাগকে সম্মান জানায়। তিনি ৭ মে পাকিস্তানের গোলাবর্ষণের সময় প্রাণ হারিয়েছেন। যারা পুঞ্চ সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলার শিকার হয়েছেন, আমরা তাদের পাশে আছি।’

ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ গোলাবর্ষণের উপযুক্ত জবাব দিচ্ছেন। পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় হামলার পর থেকেই সীমান্তে ভারী গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। সবচেয়ে বেশি গোলা নিক্ষেপ করা হয়েছে পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি, শাহপুর ও মানকোট এবং রাজৌরির লাম, মাঞ্জাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়।

সরকারি সূত্র বলছে, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা ভূগর্ভস্থ বাংকারে অবস্থান নিয়েছে। সীমান্ত থেকে দূরবর্তী এলাকার আরো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কামালকোট, সালামাবাদ, দাচনা ও গিঙ্গাল গ্রামে পাকিস্তানের গোলা আঘাত হানে। এক কর্মকর্তা জানিয়েছেন, গোলার আঘাতে অন্তত ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
sharethis sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.