পেট্রাপোল বন্দর থেকে ফেরত এল ৪ মালবাহী ট্রাক

বাংলাদেশকে দেওয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় পেট্রাপোল বন্দর থেকে চারটি রেডিমেড গার্মেন্টস মালবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত।গতকাল বুধবার সন্ধ্যায় বেনাপোল বন্দর থেকে পণ্যবোঝাই ওই ট্রাকগুলো রপ্তানিকারক ঢাকায় ফেরত নিয়ে যেতে বাধ্য হয়।

এর আগে গত মঙ্গলবার ভারত সরকারের জারি করা সার্কুলার নং ১৩/২০২৫ বেনাপোলের ওপারে পেট্রাপোল কাস্টমসের মাধ্যমে কার্যকর করা হয়। ফলে বুধবার থেকে ভুটান, নেপাল এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়।

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর থেকে ফেরত যাওয়া পণ্যের রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিএসভি এয়ার এন্ড সি লি.।

ডিএসভি এয়ার এন্ড সি লি. এর স্থানীয় ম্যানেজার বসির আহমেদ বলেন, ফেরত পাঠানো ট্রাকে রেডিমেড গার্মেন্টস সামগ্রী ছিল। সব পণ্যই নেপালে পাঠানো হচ্ছিল। যার ট্রাক নম্বর যশোর ট ১১-১৮০২, ঢাকা মেট্রো ট ১১-৯২২১, ঢাকা মেট্রো ট ২০-৪৪৬০ ও ঢাকা মেট্রো ট ২০-১৩১২ ট্রাক ফেরত গেছে।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘স্থলবন্দর দিয়ে ট্রানজিট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে পেট্রাপোল কাস্টমসে।এ চিঠির আলোকে ট্রানজিট সুবিধার পণ্য বেনাপোল থেকে পেট্রাপোল বন্দরে থার্ড কান্ট্রির কোনো রেডিমেড গার্মেন্টস প্রবেশ বন্ধ হয়ে যায়।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, ‘ভারত সরকারের এ ধরনের সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য ও বন্ধুত্ব সম্পর্কে টানাপোড়েন তৈরি হবে। আমরা আশা রাখছি, ভারত সরকার তাদের আক্রোশমূলক সিদ্ধান্ত পরিহার করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখবেন।’

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট মলিক সমিতির সহ-সভাপতি কামাল উদ্দিন শিমুল বলেন, ‘ভারত সরকার ট্রানজিট সুবিধা বাতিল করায় চারটি রপ্তানি পণ্যবোঝাই ট্রাক ভারত প্রবেশ করতে দেওয়া হয়নি গতকাল সন্ধ্যায়। ফলে রপ্তানি বাণিজ্য বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ।’

বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) সজিব নাজির জানান, ট্রানজিট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস থার্ড কান্ট্রির পণ্যে কার্পাস ইস্যু করেনি। এতে ওইসব পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের অনুমতি পাচ্ছে না। তবে ভারতের অভ্যন্তরে রপ্তানির উদ্দেশ্যে আসা অন্যান্য রপ্তানি পণ্যের বাণিজ্য স্বাভাবিক রয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.