‘২০ মিনিটের মধ্যে এয়ারপোর্টে নামব’! ভেঙে পড়ার আগের মুহূর্তে মেসেজ, স্ত্রীর ফেরার অপেক্ষায় স্বামী

 

আর ২০ মিনিট পরই তাঁর বিমান রানওয়ে ছোঁবে। স্বামীকে মেসেজ পাঠিয়েছিলেন স্ত্রী। কিন্তু তার পর থেকে স্ত্রীর আর কোনও খোঁজ পাচ্ছেন না। কানসাস থেকে ওয়াশিংটনে ফেরার পথে রোনাল্ড রেগান বিমানবন্দরে নামার আগেই সেনার হেলিকপ্টারের সঙ্গে ধাক্কায় ভেঙে পড়ে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রিবাহী বিমান। সেই বিমানেই ছিলেন হামাদ রাজার স্ত্রী।

স্থানীয় সময় রাত ৯টা নাগাদ বিমানবন্দরে নামার কথা ছিল ৫৩৪২ উড়ানটির। তাতে কর্মী-সহ ৬৪ জন যাত্রী ছিলেন। সেই যাত্রীদের মধ্যে ছিলেন হামাদের স্ত্রীও। এক সংবাদমাধ্যমকে হামাদ বলেন, ‘‘ও আমাকে জানাল যে, আর ২০ মিনিটেই বিমান অবতরণ করবে। মেসেজ পেয়ে আমি উত্তর দিই। কিন্তু সেই মেসেজ ওর কাছে না পৌঁছনোয় চিন্তায় পড়ে যাই। তখনই সন্দেহ হয়, কিছু একটা হয়েছে।’’ হামাদ জানান, তার পরই খবর আসে যে বিমানে স্ত্রী ফিরছিলেন সেটি ভেঙে পড়েছে নদীতে।

এই দুর্ঘটনায় ১৮ জনের দেহ উদ্ধার হয়েছে। হামাদের আশঙ্কা আর উদ্বেগ ক্রমশ বাড়ছে। তিনি বলেন, ‘‘প্রার্থনা করছি আমার স্ত্রী যেন বেঁচে ফেরে।’’ বুধবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ রোনাল্ড রেগান বিমানবন্দরে নামার কথা ছিল আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি। কিন্তু পোটোম্যাক নদীর উপর দুর্ঘটনার কবলে পড়ে সেটি। সেনার একটি হেলিকপ্টার বিমানে এসে ধাক্কা মারে। বিমান এবং হেলিকপ্টার নদীতে ভেঙে পড়ে।সুত্র : আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.