আমার প্রেম হলে অনেকের মনটা ভেঙে যায়: পরীমণি

ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নানারকম চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন। ব্যক্তিগত জীবনে স্পষ্টবাদী হিসেবে তার পরিচিতি রয়েছে। প্রেম-বিয়ে-বিচ্ছেদ মানুষের জীবনের অনুষঙ্গ। এসব বিষয়েও তার বক্তব্য পরিষ্কার।

 

অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে সিনেমার প্রচারসহ বিভিন্ন আয়োজনে দেখা যায় পরীমণিকে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের চর্চায় মেতেছেন নেটিজেনরা। এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন পরীমণি।

আলাপচারিতার একপর্যায়ে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে-কলকাতা সব জায়গাতেই আপনার পাশে অভিনেতা জয় চৌধুরীকে দেখা যায়! এ কথা শুনেই হেসে ফেলেন পরীমণি। ব্যাখ্যা করে পরীমণি বলেন, “আরে আরে! কী যে বলেন। ও তো আমার বান্ধবীর স্বামী। ওর বউ আমার বন্ধু, আমার বোন। জয় তাই ‘দুলাভাই’, আপনাদের ভাষায় জামাইবাবু।”

 

 

কলকাতায় এই গুঞ্জন না ছড়ানোর অনুরোধ করে পরীমণি বলেন, “সত্যিই আমাদের মধ্যে খুবই মিষ্টি সম্পর্ক। খুব মজা করি আমরা। দোহাই, কলকাতায় আবার এই গুঞ্জনটা যেন ছড়িয়ে দেবেন না! সাংবাদিকদের বড় ভয়।”

 

পরীমণি আবার প্রেমের সম্পর্কে জড়াবেন কি না? এমন প্রশ্নের জবাবে এই চিত্রনায়িকা বলেন, “আমার প্রেম হলে দেখি অনেকের মনটা ভেঙে যায়। আমি কারো হবো না— তাতে লোকে খুশি। একজনের হলেই বিশাল ব্যথা! তাই অনুরাগীদের জানাচ্ছি, আমি কারো নই বাবা! তোমরা খুশি থাকো (হাহাহা)।”

 

এদিকে, পরীমণি অভিনীত ‘ফেলুবক্সী’ সিনেমা আগামীকাল ১৭ জানুয়ারি মুক্তি পাবে। সিনেমাটি নিয়ে ফেসবুকে পোস্ট করেন পরীমণি। তিলি লিখেন, “আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ আমার প্রথম সিনেমা ফেলুবক্সী রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম সিনেমা। সিনেমা রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণরকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে।”

কালকাতার মানুষের ভালোবাসা পাওয়ার আশা ব্যক্ত করে পরীমণি লেখেন, “ডানাকাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাইহোক, কলকাতা আমি যেতে পারি নি কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.