সাবেক বিমানমন্ত্রী ফারুক খান দুই দিনের রিমান্ডে

বিএনপিকর্মী মকবুল হোসেন হত্যার ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যা তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন দুপুরে ফারুক খানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাচান। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। 

এর আগে, সোমবার দিবাগত রাতে তাকে ঢাকার বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। কার্যালয়ে ভাঙচুর করেন। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালান তারা। এ সময় মকবুল হোসেন নামে বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন) থেকে জয়ী হয়েছিলেন ফারুক খান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.