ফ্রাঙ্কফুর্ট বইমেলার আজ উদ্বোধন

 

বিশ্ব সাহিত্যের ইতিহাস বলে পৃথিবীর প্রথম বইমেলা আয়োজিত হয়েছিলো ইউরোপের দীর্ঘতম নদী মাইন পাড়ে। এই মাইননদীর অবস্থান জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের কোলঘেঁষে। এই বইমেলার ইতিহাস প্রায় ৫০০ বছরের পুরনো। আজ উদ্বোধন হবে এই মেলার । এবার এই মেলার গেস্ট অব অনার হচ্ছে ইটালি ।

প্রতি বছর অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয় ফ্রাঙ্কফুর্ট বইমেলা। ১০০টিরও বেশি দেশ থেকে এই মেলায় অংশ নেন কয়েক হাজার প্রকাশক। মেলার প্রথম তিনদিন উন্মুক্ত থাকে ব্যবসার কাজে যারা আসেন শুধু তাদের জন্য। বাকি দুদিন সবার জন্য মেলা খুলে দেওয়া হয়। মেলায় প্রায় দুই লাখের বেশি মানুষ আসেন বই কিনতে, বিক্রি করতে, শিখতে অথবা শুধু উদ্বুদ্ধ হতে।

বইয়ের জগতে যুক্ত যে কোনো ব্যক্তির জন্যই এই বইমেলা বছরের অন্যতম আলোচিত এক বিষয়। কোন লেখক কী বই লিখছেন, কারা পুরস্কার পেতে যাচ্ছেন, মেলায় কোন কোন প্রকাশক আসছেন এ সবকিছু নিয়ে আলোচনা চলে মেলা শুরুর সময় থেকে।

ফ্রাঙ্কফুর্ট বইমেলা বই বিক্রেতাদের জন্যও প্রচারের অন্যতম জায়গা। বই নিয়ে সবচেয়ে জরুরি যে বাণিজ্য অর্থাৎ আন্তর্জাতিকভাবে প্রকাশনার অধিকার ও লাইসেন্স ফি-এর মতো সিদ্ধান্তগুলো নেওয়া হয় এখানেই।

বই বিষয়ক বিভিন্ন চুক্তি যেমন-অনুবাদ স্বত্ব, আন্তর্জাতিক গ্রন্থাগার সেবা অথবা বিভিন্ন প্রকাশকদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া ইত্যাদি মূল আলোচনার বিষয় থাকে। মেলায় উপস্থিত থাকেন প্রকাশক, এজেন্ট, লেখক, ইলাস্ট্রেটর, চলচ্চিত্র প্রযোজক, অনুবাদক,  ট্রেড অ্যাসোসিয়েশন এর প্রতিনিধিরাও। বাংলাদেশের জাতীয় গ্রন্থ কেন্দ্র এই মেলায় অংশ নেবে , দেশ থেকে মেলা অথরিটির আমন্ত্রণে এই মেলায় আসছেন বিশিষ্ট সাংবাদিক এবং লেখক সাজ্জাদ শরীফ ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.