রিমান্ড শেষে কারাগারে আগরওয়ালা

রিমান্ড শেষে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং দেশের শীর্ষ স্বর্ণ ও হীরা চোরাকারবারি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় কিশোর হৃদয় আহমেদের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় বুধবার তাকে ৬ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের উপ-পরিদর্শক নুরুল ইসলাম খান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গত ২৬ সেপ্টেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই বৈষম্যবিরোরধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে বিএনপিকর্মী হৃদয় আহমেদ (১৬) মারা যায়। এ ঘটনায় গত ২২ আগস্ট মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিএনপির জয়েন্ট সেক্রেটারি শাহাদাত হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৬১ জনকে আসামি করা হয়।

মামলায় দিলীপ কুমারের বিরুদ্ধে হত্যা ও সহায়তার অভিযোগ আনা হয়। এ মামলার ২০ নং আসামি তিনি।

র‌্যাব জানায়, দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা চোরাচালান, বিদেশে অর্থ পাচার থেকে শুরু করে অসংখ্য অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার সঙ্গে আগারওয়ালাকেও আসামি করা হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) মধ্যরাতে তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে বাড্ডা থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন এ মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে ৭ সেপ্টেম্বর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.