রাষ্ট্র সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না : গয়েশ্বর চন্দ্র রায়

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ফেসবুক লাইভে এসে যে বক্তব্য দিয়েছেন, তা গণমাধ্যমে প্রচারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, আওয়ামী লীগের কাউকে তো গ্রেফতার করা হচ্ছে না। সবাই তো আরাম আয়েশে ঘোরাফেরা করছে। ছাত্রলীগ নিষিদ্ধের পর জাহাঙ্গীর কবির নানক ভিডিও বার্তায় বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য মিডিয়ায় প্রচার কতটুকু যৌক্তিক?

 

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুন্সিগঞ্জ জেলার নারী ও শিশু অধিকার ফোরামের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে বহাল রয়েছেন বলে দাবি করেন নানক।

 

নানক বলেন, রাষ্ট্রপতি বলেছেন- প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র কোথায়, তিনি কোনো লিখিত দেননি। তার মানে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আর ড. মুহাম্মদ ইউনূস ও ড. আসিফ নজরুল এবং তার গংরা যে সরকার গঠন করেছে এটি একটি অবৈধ, অসাংবিধানিক ও দখলদার সরকার।

ওই বক্তব্যে আওয়ামী লীগের এই নেতা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বাঙালি জাতিকে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো আরেকটি ঐক্যবদ্ধ সংগ্রামেরও আহ্বান জানান। তার এই বক্তব্য গণমাধ্যমে প্রচারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন গয়েশ্বর।

বিএনপির এ নেতা ‘রাষ্ট্র সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না’ মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, রাজনীতির বাইরে যে সংস্কার আছে, সেটা কল্পনার সংস্কার। সেই সংস্কারে বাস্তবতার সঙ্গে অনেক অমিল থাকে। এই কারণে রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরা সমাধান করেন।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.