কক্সবাজার সদরের ঝিলংঝা পাহাড়ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরেকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি এবং তার দুই মেয়ে মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।
নিহত আঁখি মনির শাশুড়ি জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ভারি বৃষ্টি হলে মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড়ধসের বিকট শব্দ শুনতে পান তারা। পরে তারা গিয়ে দেখেন মিজান সপরিবারে মাটিচাপা পড়েছে। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানায়, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে উপর থেকে পাহাড়ধসে তার বাড়িতে পড়ে।
ঝিলংঝা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর সিকদার বলেন, বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজারে ভারি বৃষ্টি হচ্ছে। এ কারণে আমার এলাকায় পাহাড়ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এ সময় আরেকজন আহত হয়েছেন। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে, তাদের সরিয়ে নেয়া হচ্ছে। সুত্র : সকালের খবর ।

