সব ক্যাম্পাসে বিক্ষোভের ডাক, জনতাকে মাঠে নামার আহ্বান

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ সোমবার (১৫ জুলাই) রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

ঢাবি শিক্ষার্থী নাহিদ আরও বলেন, ‘আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব, আপনারা নেমে আসুন। শিক্ষার্থীরা নেমে আসুন, সাধারণ মানুষ নেমে আসুন। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার আদায় করুন।’

তিনি বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের এক দফা দাবিতে মঙ্গলবার বিকেল ৩টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘প্রক্টর থাকতে ক্যাম্পাসে বহিরাগতরা এসে আমাদের ওপর হামলা করল। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আজ সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে।’

তিনি আরও বলেন, সারা দেশের সব মানুষকে আহ্বান করব আমাদের মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন। বৃহত্তর গণআন্দোলনের দিকে আমাদের যেতে হবে। এটা আর ছাত্রদের আন্দোলন নাই, এই আন্দোলনে যখন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানি দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষকে এ আন্দোলনে নেমে আসতে হবে। এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.