ছাত্র হত্যার প্রতিবাদে বার্লিনে জার্মানির চ্যান্সেলর ভবনের সামনে সমাবেশ

বাংলাদেশে চলমান আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালিয়ে শত শত ছাত্র, সাংবাদিক ও সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। জার্মানির বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি, ও জার্মান সচেতন নাগরিক একত্রিত হয়ে বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।

 

দল-মত নির্বিশেষে সকল পেশার মানুষ এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।  বুধবার (২৪ জুলাই) বার্লিনের প্রাণকেন্দ্রে অবস্থিত জার্মান চ্যান্সেলরের অফিসের সামনে বিকেল পাঁচটায় পূর্বঘোষিত কর্মসূচী শুরু হওয়ার আগেই কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। পরে মহাসমাবেশটি লোকে লোকারণ্য হলে কোটা শহিদদের প্রতি এক মিনিট নীরবতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। দেশে নির্যাতিত পরিবারের বর্ণনা দেন অনেকে। শিশু-কিশোরদের মুখেও শোনা যায় নির্যাতনের করুণ ইতিহাস।

 

কবিতা আবৃতিও করেন প্রতিবাদকারীরা। দেশে কোটা আন্দোলনে নিহতদের ছবি সংবলিত পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করে জাতীয় পতাকা উড়িয়ে স্লোগানে স্লোগানে মুখরিত এই প্রতিবাদ সভা থেকে অবিলম্বে ছাত্রদের উপর হামলা ও হত্যাকাণ্ড বন্ধ করার জোর দাবী জানান প্রতিবাদকারীরা। সমাবেশে সাধারন শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলাকারী ও হামলার হুকুমদাতাদের অবিলম্বে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবী জানান। বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থাসহ সকল যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার তীব্র প্রতিবাদও জানান তাঁরা।  আন্দোলনকারীদের বিরুদ্ধে আনা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সরকারকে পদত্যাগের দাবী করেন প্রতিবাদকারীরা

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.