খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেবে বিএনপি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে আন্দোলন কর্মসূচি দেবে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গতকাল সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে দেশনেত্রীর মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল বুধবার সেই কর্মসূচি ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।

দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আজকে সকালের আপডেট হচ্ছে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। গতকাল তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আসলে ম্যাডাম সিসিউইতে মানিয়ে নিতে পারছেন না। সে কারণে সিসিইউর সব সুবিধা রেখে তাকে কেবিনে নেওয়া হয়েছে। স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়।’

রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই অবৈধ সরকার খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা দিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দি করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার।’

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন জানিয়ে তিনি বলেন, ‘চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছেন। দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে দুই বার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.