আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবুল কালাম। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বামহাতির ছড়ার মৃত বদিউজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে প্রতি দিনের মতো আরাকান আর্মির জন্য খাদ্যসামগ্রী নিয়ে সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে ছেলির ঢালা এলাকা দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভিতরে প্রবেশ করেন আবুল কালাম। খাদ্যসামগ্রী বুঝে দিয়ে ফেরার পথে বিদ্রোহীদের দখল করা ঘাঁটির কাছে এলে আরাকান আর্মির দায়িত্বরত এক সদস্য চাঁদা ফাঁকি দেওয়ার কথা বলে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করেন আরাকান আর্মির দায়িত্বরত সেই সদস্য। এতে আবুল কালামের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামশুল আলম জানান, ‘নিহত আবুল কালাম আমার এলাকার বলে জানা গেছে। তার লাশ ফেরত আনার চেষ্টা চলছে।’

তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.